কক্সবাজার সিঙ্গাপুরের আদলে করব বলছি, কিন্তু কীভাবে জানি না

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিবছর সমাগম ঘটে ২০ লাখের বেশি পর্যটকের। সৈকতের দুই বর্গকিলোমিটার এলাকায় অন্তত ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে গড়ে উঠেছে আট শতাধিক হোটেল, মোটেল, গেস্টহাউস, কটেজ-রেস্তোরাঁ, দোকানপাটের এক ঘিঞ্জি শহর। ভবনের ভিড়ে আড়াল হয়ে যায় সৈকত।

কক্সবাজারকে আধুনিক ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’। টানা তিন মেয়াদে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারের পর্যটন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা হয় তাঁর সঙ্গে।

কক্সবাজার সমুদ্রসৈকতপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন:

প্রথম আলো: বিশ্বের দীর্ঘতম সৈকতে এখনো নিরাপদ গোসলের ব্যবস্থা হয়নি, মারা যাচ্ছেন অনেকে। দখল-অবৈধ স্থাপন নির্মাণও থেমে নেই। সৈকতকে ঘিরে আপনার পরিকল্পনা কী?

ফোরকান আহমদ: বিশ্বের দীর্ঘতম ১২০ কিলোমিটারের এই সৈকত আমাদের অহংকার। সৈকতের টানে প্রতিবছর ছুটে আসেন লাখ লাখ পর্যটক। কিন্তু সেভাবে সৈকতটাকে আমরা গড়ে তুলতে পারিনি। সৈকতের নাজিরারটেক থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত ১২০ কিলোমিটার সৈকতের ৭০ দশমিক ০৬ বর্গকিলোমিটার এলাকা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্র এখন। এর মধ্যে কাজ চলে বিচ ম্যানেজমেন্ট কমিটি ও জেলা প্রশাসনের। এই দ্বৈততা দূর করার জন্য আমরা মন্ত্রণালয় হয়ে কেবিনেটে লিখেছি। সৈকতের অধিক্ষেত্র পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে চলে এলে নিরাপদ গোসল, পরিকল্পিতভাবে সৈকতের উন্নয়ন, জীববৈচিত্র্য রক্ষা, অবৈধ স্থাপনা উচ্ছেদ—সবই হবে।

বর্তমানে যেসব ঝুপড়ি দোকানগুলো আছে, সেই দোকানগুলো সরানোর জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। মন্ত্রণালয় থেকে সচিব মহোদয় এসে দেখেছেন, তিনিও অবৈধ স্থাপনা সরানোর পক্ষে মত দিয়েছেন। সৈকতসহ শহরের ভেতরে যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণ করতে হলে অবশ্যই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন লাগে। ভূমির ছাড়পত্র লাগবে। এটা না হলে যে স্থাপনাই হোক, উচ্ছেদ করা আমাদের দায়িত্ব।

প্রশ্ন:

অপরিকল্পিত ঘিঞ্জি কক্সবাজারকে সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা সম্ভব?

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফোরকান আহমদ
ছবি: সংগৃহীত

ফোরকান আহমদ: ৪০ বছর আগের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কক্সবাজার এখন নেই। সৈকত ঘিরে শত শত হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, দোকানপাট হয়ে গেছে। খুবই দুঃখজনক, কোনোটাই পরিকল্পিতভাবে হয়নি। অলরেডি আমরা কক্সবাজারকে নষ্ট করে দিয়েছি। এটাকে পরিকল্পিত পর্যটন নগর হিসেবে গড়তে আমরা হিমশিম খাচ্ছি।

কক্সবাজার সিঙ্গাপুরের আদলে করব, আমরা বলছি। কিন্তু কীভাবে করব জানি না। সিঙ্গাপুরে একটা মাস্টারপ্ল্যান আছে। সিঙ্গাপুরের সব জায়গা সরকারের, মাস্টারপ্ল্যানের বাইরে কিছু করা যায় না। আমাদের এখানে হলো ব্যক্তিগত মালিকানার জমি। অথবা খাস খতিয়ানের জায়গা। এখানে সিঙ্গাপুরের মতো সেভাবে মাস্টারপ্ল্যান নেই।

এখন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে মাস্টারপ্ল্যান তৈরির কাজ চলছে, অনুমোদন পেয়েছি। আগের একটা মাস্টারপ্ল্যান ছিল, এটাকে কাজে লাগানো হয়নি।

এখন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্রে এসেছে জেলার টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, ঈদগাঁও, রামু, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়া উপজেলার ৬৯০ দশমিক ৬৭ বর্গকিলোমিটার এলাকা। মাস্টারপ্ল্যান হয়ে গেলে আমাদের অনুমোদন ছাড়া অধিক্ষেত্রের কোথাও কিছু করা যাবে না।

প্রশ্ন:

পর্যটকের পছন্দ দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ। এই সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, আবার সৈকত দখল; কিছুই থেমে নেই...

ফোরকান আহমদ: ৮৪ কিলোমিটারের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ও জনপথ বিভাগের অধীনে। সড়কটি নির্মাণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ১০-১৫ বছর ধরে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। এখন মেরিন ড্রাইভ চার লেন হবে। সেনাবাহিনী সড়কটির রক্ষণাবেক্ষণ করছে, করবে। পর্যটকের নিরাপদ চলাচলের সুবিধার্থে আমরা সড়কের কিছু অংশ লাইট বসিয়ে আলোকিত রাখার ব্যবস্থা করেছি, কিছু অংশে বনায়ন করে পরিবেশ রক্ষার চেষ্টা চালাচ্ছি। সৈকতের জীববৈচিত্র্য রক্ষায় আমরা পদক্ষেপ নিচ্ছি, প্রকল্প নিচ্ছি।