ভূমিকম্প ও পরবর্তী সময়ে করণীয় নিয়ে কক্সবাজার সিটি কলেজে ১৫ ফেব্রুয়ারি দিনব্যাপী প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়। ১৫ ফেব্রুয়ারি সকালে কলেজ মাঠে মহড়া উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আলী হোসেন। জেলা প্রশাসনের আয়োজনে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কক্সবাজার এডিপি ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এই কর্মসূচির বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) এ কে এম শাকিল নেওয়াজ ও কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিন অং। মহড়ায় কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
কলেজের অধ্যক্ষ ক্যাথিন অং বলেন, পর্যটনশহর কক্সবাজার ভূমিকম্পের জন্য ঝঁুকিপূর্ণ এলাকা। তাই ভূমিকম্প থেকে শিক্ষার্থীদের নিজেদের রক্ষার উপায় জানাতে প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এ রকম আরও মহড়ার আয়োজন করা হবে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী, কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ভূমিকা প্রশংসনীয়। ভূমিকম্প নিয়ে শিক্ষার্থীদের সচেতনমূলক এই প্রশিক্ষণ মহড়া সমাজের কল্যাণ বয়ে আনবে।