কক্সবাজার-সুন্দরবন রোড শোর আনুষ্ঠানিক সমাপ্তি আজ
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোলঘেঁষা দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর বাগেরহাটের মংলায় পৌঁছানোর মধ্য দিয়ে গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার-সুন্দরবন রোড শো শেষ হয়েছে। তবে এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে আজ শনিবার বিভাগীয় শহর খুলনায় কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। গতকাল সকালে বাগেরহাট জেলা সদরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ রোড শোতে অংশগ্রহণকারীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের সামনে খুলনা-বাগেরহাট মহাসড়কে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজম খান রোড শোর গাড়িবহরকে স্বাগত জানান। বেলা ১১টায় বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাড়িবহরটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় পুলিশের একটি চৌকস বাদক দল বিউগল বাজিয়ে তাদের অভিবাদন জানায়।স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন। সম্মানিত বক্তা ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন তালুকদার। বক্তব্য দেন পর্যটন রিয়েল এস্টেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (প্রিয়াব) সভাপতি এম এনায়েতুল্লাহ, বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ।বাগেরহাটে বিরতি শেষে বিকেল চারটায় রোড শোর গাড়িবহর মংলায় পৌঁছায়। এখানে পর্যটন করপোরেশনের হোটেল পশুর চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুর রহমান। প্রিয়াবের কর্মকর্তারা ছাড়াও মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার এতে বক্তব্য দেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে রোড শোটি খুলনার উদ্দেশে মংলা ত্যাগ করে। বাগেরহাট ও মংলা উভয় স্থানে রোড শোর আয়োজকদের ব্যবস্থাপনায় প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে তালিকাভুক্ত করার জন্য সুন্দরবনের পক্ষে ভোট গ্রহণ করা হয়।গত ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার ও বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য তালিকায় তুলে ধরার প্রচেষ্টার অংশ হিসেবে পর্যটন করপোরেশন ও প্রিয়াব যৌথভাবে এই রোড শোর আয়োজন করে। ২৫ সেপ্টেম্বর শনিবার কক্সবাজার থেকে রোড শোটি বাগেরহাটের মংলার উদ্দেশে যাত্রা শুরু করে।