কক্সবাজার সমুদ্রসৈকত অনেকটা পর্যটকশূন্য হয়ে পড়েছে। কাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে আটকে পড়ার আশঙ্কা ও গরম বাড়ায় পর্যটকেরা কক্সবাজারে আসছেন না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। ইতিমধ্যে যাঁরা এসেছেন, তাঁরাও সৈকত শহর ছাড়তে শুরু করেছেন। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় সৈকতে নামার মূল স্থান লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে, বিশাল এলাকা ফাঁকা। হাতে গোনা কিছু পর্যটক ছাতার নিচে বসে আছেন। কয়েকজন সাগরে নেমে ঢেউ নিয়ে খেলা করছেন। আশপাশে ২০-৩০ জন ভ্রাম্যমাণ আলোকচিত্রী পায়চারি করছেন।আলোকচিত্রী মনজুর আলম জানান, ‘চার বছর ধরে এই সৈকতে পর্যটকদের ছবি তুলে দিচ্ছি। ভালো উপার্জন করছি। কিন্তু আজ (মঙ্গলবার) সারা দিন ঘুরেও একজন পর্যটকের ছবি তুলতে পারিনি।’ গত কয়েক দিনের প্রচণ্ড গরমে পর্যটকেরা আসছেন না। যাঁরা আসছেন তাঁরাও হোটেল থেকে বের হচ্ছেন না। হোটেল মালিক শাহেদুল ইসলাম জানান, ভ্রমণের অনুপযোগী মৌসুম হলেও সোমবার পর্যন্ত গত এক মাসে প্রতিদিন গড়ে ১০ হাজার পর্যটক কক্সবাজারে এসেছেন। কিন্তু গতকাল সামান্য কিছু পর্যটক এসেছেন। এর অন্যতম কারণ, কাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বাস, মিনিবাস, মাইক্রোবাসসহ চার চাকার সব যানবাহনের অনির্দিষ্টকালের ধর্মঘট। ধর্মঘটে আটকে পড়ার আশঙ্কায় দু-এক দিন আগে যাঁরা এসেছেন, তাঁরাও ফিরে যেতে শুরু করেছেন। কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, পর্যটন শহর কক্সবাজারকে সব সময় ধর্মঘট, হরতালের আওতামুক্ত রাখা উচিত। পর্যটকেরা এসে বিপদে পড়লে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্যেও মন্দাভাব দেখা দেয়। ঢাকা থেকে রাতে ছেড়ে আসা শীতাতপ নিয়ন্ত্রিত গ্রিন লাইন, সোহাগ, সিল্ক লাইন, সৌদিয়া এস আলমসহ মডার্ন, শ্যামলী ও অন্যান্য পরিবহনের ৩০টির বেশি গাড়িতে করে মাত্র এক হাজার পর্যটক গতকাল সকালে কক্সবাজারে পৌঁছান। কিন্তু বাস থেকে নেমে ধর্মঘটের কথা শুনে তাঁরা হতাশ হয়ে পড়েন। ঢাকার রাজারবাগ থেকে আসা পর্যটক তাসলিমা আকতার ক্ষোভের সঙ্গে বলেন, ‘সৈকত শহরে নববর্ষ উদ্যাপন ও রাখাইনদের জলকেলি উৎসব দেখতে পাঁচ দিনের জন্য ছেলেমেয়েদের নিয়ে ছুটে এসেছি। কিন্তু এখানে এসে জানলাম অনির্দিষ্টকালের ধর্মঘটের কথা। ধর্মঘটে আটকা পড়ার চেয়ে ঢাকায় ফিরে যাওয়া নিরাপদ মনে করছি।’ জেলা প্রশাসন সৈকতের লাবণী পয়েন্টে এ বছর প্রথমবারের মতো নববর্ষ উদ্যাপন ও বৈশাখী মেলার আয়োজন করেছে। ২৫ মার্চ কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকায় শাহ আমিন পরিবহনের একটি বাসের চাপায় স্থানীয় স্কুলছাত্র আলমগীর নিহত হয়। এই ঘটনায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ তুলে বাস মালিক ও শ্রমিক পরিবহন ঐক্য পরিষদ ২৭ ও ২৮ মার্চ চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ মহাসড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই সময় চাঁদা দাবির বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে ফলাও করে প্রচার হওয়ায় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে মুজিবুর রহমান ৪ এপ্রিল কক্সবাজার আদালতে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা করেন। এই মামলা দায়েরকে কেন্দ্র করে নতুন করে ধর্মঘটের ডাক দেওয়া হলো। পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদ জানান, ২৮ মার্চ রাতে চট্টগ্রামে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু চাঁদা দাবিকারীদের হুমকি-ধমকি এখনো বন্ধ হয়নি। তাই নিরাপত্তার দাবিতে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।