কক্সবাজার সৈকত এখন ফাঁকা
কক্সবাজার সমুদ্রসৈকত একেবারেই ফাঁকা হয়ে পড়েছে। এক সপ্তাহ ধরে এখানে তেমন পর্যটক নেই। এ কারণে সৈকতসহ শহরের বিভিন্ন স্থানে তৈরি করা চার শতাধিক হোটেল-মোটেল ও গেস্টহাউসের মধ্যে চার-পাঁচটি ছাড়া প্রায় সবগুলোর কক্ষ খালি যাচ্ছে।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে, ২০ থেকে ৩০ জন পর্যটক সাগরে নেমে গোসল করছেন। কেউ বালুচরে দৌড়ঝাঁপ দিচ্ছেন। লাইফ গার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল বলেন, বৃহস্পতি আর শুক্রবারের ছুটি কাটাতে অর্ধশতাধিক পর্যটক আজ (গতকাল বৃহস্পতি) সকালে সৈকতে নামেন। রোববার থেকে সৈকত আবার ফাঁকা হয়ে যাবে।ঢাকার শেওড়াপাড়া থেকে ভ্রমণে আসা পর্যটক আবুল কালাম (৩৪) বলেন, ‘সরকারি চাকরি নিয়ে প্রায়ই ব্যস্ত থাকতে হয়। ঈদের সময় বাসা ফেলে গ্রামের বাড়ি দিনাজপুর যাওয়া হচ্ছে না। তাই ঈদের আগে দুই দিনের জন্য সৈকতে ছুটে এলাম। অর্ধেক টাকায় হোটেলভাড়ার পাশাপাশি ফাঁকা ও নির্জন সৈকতে প্রিয়জনকে নিয়ে ঘুরতে ভালই লাগছে।’ শহরের সাগরগাঁও হোটেলের মালিক শাহেদুল ইসলাম বলেন, গত রমজান মাসে প্রতিদিন গড়ে ১০ হাজার পর্যটকে সৈকত সরগরম থেকেছে। কিন্তু এবার পর্যটকের দেখা নেই। হোটেলের ৯৫ শতাংশ কক্ষ খালি যাচ্ছে।সমুদ্রসৈকতের পাঁচ তারকামানের হোটেল ওসান প্যারাডাইসের মহাব্যবস্থাপক (খাদ্য ও পানীয়) এ টি এম আহমদ হোসাইন বলেন, ‘কক্ষভাড়া সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় দিয়ে আমরা এই রোজায় পর্যটকদের হোটেলে থাকার সুযোগ করে দিচ্ছি। ঈদের পরদিন থেকে প্রায় সাত দিনের জন্য এই হোটেলের সব কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।’ কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, এখন চার শতাধিক হোটেল-মোটেল-গেস্টহাউসের খুবই খারাপ অবস্থা যাচ্ছে। সব হোটেল মিলিয়ে গতকাল পাঁচ শতাধিক পর্যটক অবস্থান করছেন। তবে ঈদের পরদিন থেকে সৈকত সরগরম থাকবে। সৈকতের হোটেল-মোটেল জোনে অবস্থিত আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট কেএফসির ব্যবস্থাপক মো. নাসির আহমদ বলেন, আগে দৈনিক দুই থেকে তিন লাখ টাকার খাদ্য বিক্রি হলেও এখন হচ্ছে মাত্র ২০ থেকে ২৫ হাজার টাকা।পর্যটকদের ভ্রমণসেবায় নিয়োজিত ট্যুরিজম প্রতিষ্টান সংগঠন টুয়াকের নেতা তোফায়েল আহমদ বলেন, ঈদের পরদিন থেকে টেকনাফ-সেন্ট মার্টিন দ্বীপে জাহাজ চলাচল শুরু হবে।পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, সৈকতে ভ্রমণে আসা পর্যটকের নিরাপত্তায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। বৈরী পরিবেশ ও ভাটার সময় যেন পর্যটকেরা সাগরে নামতে না পারেন, সে জন্য ট্যুরিস্ট পুলিশকে সতর্ক রাখা হবে।