কক্সবাজার সৈকত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্ট-সংলগ্ন ঝাউবাগান থেকে গতকাল রোববার শতাধিক ঘরবাড়িসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান ছিদ্দিক।
আবু হাসান ছিদ্দিক বলেন, একশ্রেণীর লোক সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগানের ভেতরে অবৈধভাবে ঘরবাড়িসহ নানা স্থাপনা তৈরি করে বসতি করে আসছে। এতে পর্যটকদের নিরাপদ ভ্রমণ ব্যাহত হচ্ছে।
তিনি জানান, এর আগে সৈকতের সমিতিপাড়া ঝাউবাগানের ভেতর থেকে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। অন্যান্য ঝাউবাগানের ভেতরে তৈরি অন্যান্য স্থাপনাও উচ্ছেদ করা হবে।
অনুসন্ধানে জানা যায়, শহরের নাজিরারটেক থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার সৈকতসংলগ্ন ঝাউবাগানের ভেতরে আট হাজারের বেশি অবৈধ স্থাপনা রয়েছে।
এর মধ্যে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকার ঝাউবাগানের ভেতরে সাত হাজারের বেশি অবৈধ ঘরবাড়ি তৈরি করে বসবাস করছে কমপক্ষে ৪০ হাজার রোহিঙ্গা। এ ছাড়া উখিয়ার ইনানী, সোনারপাড়া, হিমছড়ি, বড়ছড়া ঝাউবাগানের ভেতরেও হাজারো অবৈধ স্থাপনা রয়েছে।
উপকূলীয় বন বিভাগ কক্সবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক ভূঁইয়া বলেন, টেকনাফের ঝাউবাগান থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গা উচ্ছেদ করা যাচ্ছে না।
অন্যান্য এলাকার ঝাউবাগান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও কিছুদিন পর আবার ঘরবাড়ি তৈরি করে ভাসমান লোকজন বসতি শুরু করে।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, ঝাউবাগানের ভেতরে অবৈধ স্থাপনা তৈরি করে কয়েক হাজার নারী-পুরুষ শিশু সাগর থেকে অবৈধভাবে চিংড়ির পোনা আহরণ করে। নিষিদ্ধ মশারি জাল দিয়ে চিংড়ির পোনা ধরার সময় অন্যান্য প্রজাতির শত শত পোনা মাছ ধ্বংস করা হচ্ছে। তা ছাড়া ঝাউবাগানের ভেতরে চলে মাদক বেচাকেনা। সৈকত ভ্রমণে আসা পর্যটকেরা ঝাউবাগানের ভেতরে গেলেই ছিনতাইকারীর কবলে পড়েন।