কক্সবাজার সৈকত প্রায় পর্যটকশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৩৬ ঘণ্টার হরতাল আহ্বানের কারণে কক্সবাজার প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে। গতকাল শনিবার থেকে সমুদ্রসৈকত অনেকটা ফাঁকা। আর এতে পর্যটকসংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব যাচ্ছে।গতকাল বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে, অল্প কয়েকজন পর্যটক বালুচরে পায়চারী ও হাঁটুপানিতে দৌড়ঝাঁপ দিয়ে সময় পার করছে।সৈকতের ভ্রাম্যমাণ আলোকচিত্রী (ক্যামেরাম্যান) দিদারুল আলম (২৩) বলেন, ‘সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সৈকতে ঘুরেছি। এ পর্যন্ত একটি ছবিও তুলতে পারিনি। কারণ পর্যটক নেই।’পর্যটকদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন টুয়াকের নেতা তোফায়েল আহমদ জানান, সাধারণত এই সময়ে কক্সবাজারে প্রতিদিন ১০ হাজারের মতো পর্যটক অবস্থান করে। কিন্তু বিএনপি ও জামায়াতের ৩৬ ঘণ্টার হরতাল আহ্বানের খবর শুনে সবাই চলে গেছে। আজ রোববার থেকে শুক্রবার পর্যন্ত যাদের ভ্রমণে আসার কথা ছিল, তারা হোটেল-মোটেল বরাদ্দ বাতিল করেছে।হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, হরতালের কারণে শহর ও সৈকতের তিন শতাধিক হোটেল-মোটেল এখন একেবারেই ফাঁকা। হাজার তিনেক পর্যটক হোটেলে অবস্থান করলেও হরতালের সময়সীমা আরও বাড়তে পারে বলে তারা শঙ্কিত।রাজশাহী শহর থেকে ভ্রমণে আসা সিরাজুল মাওলা (৪৫) বলেন, ‘শুক্রবার বিকেলে রাজশাহী থেকে পরিবারের পাঁচ সদস্য নিয়ে সরাসরি কক্সবাজারে এসে জানতে পারি যে ৩৬ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে। হরতাল ভ্রমণটা মাটি করে দিল।’গতকাল শনিবার বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় (কক্সবাজার-৩) সাংসদ বিএনপির লুৎফুর রহমান কাজল বলেন, হরতালে পর্যটকদের ভ্রমণে সমস্যা হবে না। পর্যটকেরা ইচ্ছা করলে রিকশা, ট্যাক্সি ও টমটম নিয়ে যেখানে ইচ্ছা ভ্রমণে যেতে পারে। এ ব্যাপারে দলের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।