কক্সবাজার সৈকতে আরও পাঁচটি পর্যবেক্ষণ চৌকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতে আরও পাঁচটি পর্যবেক্ষণের চৌকি নির্মাণ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা ও গোসলে নেমে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য এই চৌকি নির্মাণ করা হয়। প্রতিটি চৌকিতে পাঁচজন করে উদ্ধারকর্মী (ডুবুরি) নিয়োগ দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় চৌকিগুলোর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল আমিন নিজামী।বেসরকারি মোবাইল ফোন কোম্পানি রবি ও আরএসটি নামে একটি প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে পরিচালিত হবে এসব চৌকি। চৌকিগুলো সৈকতের লাবণী, সি-গাল হোটেল, সার্ফিং পয়েন্ট, কলাতলী ও শৈবাল হোটেল পয়েন্টে স্থাপন করা হয়েছে। পর্যটকদের মালামাল রাখার জন্য চৌকিগুলোয় লকারও রাখা হয়েছে।নুরুল আলম নিজামী বলেন, কক্সবাজার সৈকতে দৈনিক এক থেকে দেড় লাখ পর্যটকের সমাগম ঘটছে। সমুদ্রে গোসল করতে নামলে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব চৌকি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। ধুধু বালু চরে গাছের খুঁটির ওপর চৌকিগুলো নির্মিত হওয়ায় পরিবেশের কোনো ক্ষতি হবে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৬ সালে সৈকতের লাবণী পয়েন্টে পর্যটকদের উদ্ধারের জন্য ইয়াসির লাইফ গার্ড স্টেশন স্থাপন করা হয়। এই স্টেশনের ছয়জন উদ্ধারকর্মী গত ১৫ বছরে ৭৮৫ জন পর্যটককে অজ্ঞান অবস্থায় সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করে প্রাণ রক্ষা করেন। এ পর্যন্ত সাগরে ভেসে গিয়ে মারা গেছেন ৭৮ জন। রবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু জানান, উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কর্মীদের লাইফ জ্যাকেট, বাইনোকুলার, বিচ বাইক, স্পিডবোট, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও জোয়ার-ভাটার চিহ্নস্বরূপ সৈকতে পুঁতে রাখার জন্য পতাকা সরবরাহ করা হয়েছে। বাংলাদেশের প্রথম সার্ফার জাফর আলম জানান, অতিরিক্ত পাঁচটি চৌকি স্থাপিত হওয়ায় পর্যটকেরা অধিক নিরাপত্তা পাবেন।