কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গতকাল শুক্রবার সকাল ১০টায় গোসল করতে নেমে নিখোঁজ রয়েছে দুই স্কুলছাত্র। এরা হলো: কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার হাজি কালা মিয়ার ছেলে মো. মোস্তফা (১১) ও আবদুল হকের ছেলে মো. আরমান (১২)। এর আগে তাদের চার সহপাঠীকে উদ্ধার করে প্রাণে বাঁচান স্থানীয় ডুবুরিরা। এরা হলো: একই এলাকার ইব্রাহিম (১১), মোবারক ( ১০), রিফাত (১১) ও আজিজ (১২)। এরা সবাই পাতাড়তলী কেজি স্কুলের ছাত্র বলে জানা গেছে।সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত স্থানীয় ইয়াছির লাইফ গার্ড স্টেশনের পরিচালক ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডুবুরি মোস্তফা কামাল এর সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০টায় শহরের পাহাড়তলী এলাকার ওই ছয় স্কুলছাত্র সাগরে গোসলে নামে। ৩ নম্বর সতর্কসংকেত বিরাজ করায় দুই দিন ধরে সাগর প্রচণ্ড রকম উত্তাল রয়েছে। আধা ঘণ্টা ধরে ছাত্ররা দৌড়ঝাঁপ দেওয়ার একপর্যায়ে ভাটার টানে ছয়জন হারিয়ে যায়। মুহূর্তে ডুবুরিরা সাগরে ঝাঁপ দিয়ে শুরু করেন তল্লাশি অভিযান। সঙ্গে সঙ্গে চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও দুপুর দেড়টা পর্যন্ত মোস্তফা ও আরমান নামের দুই শিশুকে পাওয়া যায়নি।