কক্সবাজার সৈকতে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে আজ মঙ্গলবার সকালে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে ঢাকার শিক্ষার্থী সুদীপ্ত দে (১৬)। সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

পুলিশ বলছে, সুদীপ্ত রাজধানীর সূত্রাপুর এলাকার খোকন চন্দ্র দের ছেলে। ঢাকার পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ থেকে সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

সৈকতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত টুরিস্ট পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে বন্ধুদের সঙ্গে সৈকতের সি-গাল পয়েন্টে গোসলে নামে সুদীপ্ত দে। কোমরপানিতে লাফালাফির একপর্যায়ে ঢেউয়ের ধাক্কায় হারিয়ে যায় সে। তাকে উদ্ধারের জন্য টুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা সাগরে তল্লাশি চালাচ্ছেন। সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
রায়হান কাজেমী বলেন, সকাল আটটার দিকে সৈকতে জোয়ার শুরু হলেও তখন ভাটার স্রোতের টান প্রবল ছিল। সম্ভবত ভাটার টানে সুদীপ্ত গভীর সাগরের দিকে চলে গেছে। তার সলিলসমাধির আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তারা সাতজন কক্সবাজার পৌঁছে মোটেল লাবণীতে ওঠে। এরপর গোসলের জন্য সৈকতে নামে।

নৌবাহিনী সূত্র জানায়, সুদীপ্তর সন্ধানে সন্ধ্যা ছয়টার দিক বাহিনীর একটি ডুবুরি দল চট্টগ্রাম থেকে কক্সবাজার সৈকতে পৌঁছে তল্লাশি শুরু করেছে।