কক্সবাজার সৈকতে ঘুড়ি উৎসব আজ
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে আজ শনিবার বিকেলে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহযোগিতায় ঢাকাবাসী নামের একটি সংগঠন এ উৎসবের আয়োজন করেছে।
এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে সৈকতের পর্যটন মোটেল প্রবালের মাঠে সংবাদ সম্মেলন করা হয়। এতে ঢাকাবাসী সংগঠনের সভাপতি মো. শুকুর মালেক বলেন, ঘুড়ি উৎসবে চীন, ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভুটানসহ বিভিন্ন দেশের ঘুড়ি প্রদর্শন করা হবে। এটি আন্তর্জাতিক উৎসব বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোটেল প্রবালের ব্যবস্থাপক মা টিনটিন, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সহসভাপতি আবদুল বারেক, ঢাকাবাসীর সিনিয়র সহসভাপতি হাসানুজ্জামান খান, সহসভাপতি শাহীন পারভীন, বজলুল হক, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক আহসান সুমন প্রমুখ।