কক্সবাজার সৈকতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গতকাল বুধবার বিকেলে গোসল করতে নেমে মারা গেছে সোহেল (১৩) নামের এক স্কুলছাত্র। জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী গ্রামের শামসুর রহমানের ছেলে সোহেল স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।পুলিশ ও স্থানীয় ডুবুরিরা জানান, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সোহেল তিন বন্ধুকে নিয়ে সমুদ্রে গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে সোহেল হারিয়ে যায়। স্থানীয় ইয়াছির লাইফ গার্ড স্টেশনের পরিচালক ও ডুবুরি মোস্তফা কামাল বলেন, আধা ঘণ্টা তল্লাশি চালিয়ে সোহেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।