কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্ট থেকে গতকাল শনিবার অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সাগরে স্রোতের টানে ভেসে যাওয়া এক মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি এখনো।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি প্রথম আলোকে জানান, সৈকতের কলাতলী পয়েন্টে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে অজ্ঞাতনামা ওই তরুণীর (১৬) লাশ ভেসে আসে। লাশটি কক্সবাজার সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈকতে স্রোতের টানে ভেসে যাওয়া লোকজনকে উদ্ধার কাজে নিয়োজিত সি সেইফ লাইভগার্ডের ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ জানান, সকাল সাড়ে আটটার দিকে এক তরুণীকে কলাতলী সৈকতে নামতে দেখেছেন বিচের কর্মীরা। বৃষ্টি ও বৈরী পরিবেশে সাগর তখন প্রচণ্ড উত্তাল ছিল। এর এক ঘণ্টা পর এক তরুণীর লাশ সৈকতে ভেসে আসে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ময়নাতদন্তের জন্য ওই তরুণীর লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বেলা তিনটা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। তরুণীর শরীরে জখমের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। ওসি জানান, মেয়েটি সৈকতে আত্মহত্যা করেছে, নাকি কেউ তাকে সৈকতে ছুড়ে ফেলেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ট্যুরিস্ট পুলিশ জানায়, গত শুক্রবার বেলা আড়াইটার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে নিখোঁজ হয় মোহাম্মদ শিহাদ (১২)। সে শহরের বৈদ্যঘোনা এলাকার ব্যবসায়ী মোহাম্মদ শফিকের ছেলে। শিহাদ শহরের বদরমোকাম এমদাদিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।
শিহাদের মামা মোহাম্মদ সেলিম জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে শিহাদ তার পাঁচজন বন্ধুর সঙ্গে সৈকতে ফুটবল খেলতে যায়। এ সময় সমুদ্রে ভাটা চলছিল। সমুদ্রে বল আনতে গিয়ে শিহাদ স্রোতের টানে ভেসে যায়।
সি সেইফ লাইফগার্ডের তত্ত্বাবধায়ক সাইফুল্লাহ সিফাত বলেন, জোয়ার-ভাটার হিসাব না করে অনেকে সমুদ্রে নেমে বিপদে পড়ছেন। সৈকতের লাবণী পয়েন্ট গোসলের জন্য নির্ধারিত থাকলেও অনেকে কলাতলী, সুগন্ধাসহ বিভিন্ন পয়েন্টে গোসলে নামছেন। তিনি জানান, গত পাঁচ দিনে স্রোতে ভেসে যাওয়ার সময় অন্তত ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।