কক্সবাজার সৈকতে নওগাঁর নিখোঁজ শিক্ষার্থীর লাশ
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী রিফাত হোসেনের (২৩) মরদেহ গতকাল রোববার সন্ধ্যায় বাঁকখালী নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সকালে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে তিনি নিখোঁজ হন। তাঁর বাড়ি নওগাঁয়। তিনি সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের ফেব্রিক্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের রাস্তারপাড়া-সংলগ্ন বাঁকখালী নদীতে ভাসছিল মৃতদেহটি।
পুলিশ জানায়, গত শুক্রবার জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ৪৩ জন শিক্ষার্থী কক্সবাজারে আসেন। শনিবার কয়েকজন বন্ধুর সঙ্গে রিফাত সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন। তখন সাগরে ভাটা চলছিল। কক্সবাজার সদর মডেল থানার এসআই মানস বড়ুয়া বলেন, লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।