কক্সবাজার সৈকতে পরিচ্ছনতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্র সৈকত আবর্জনামুক্ত করার কাজে অংশ নিল ৬০০ স্কাউট। গতকাল বুধবার বিকেলে সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালায় তারা।
কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমীন। সৈকতের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ারুল নাসের, ট্যুরিস্ট পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী।
কক্সবাজার সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে স্কাউটদের উদ্যোগকে অনুকরণীয় বলে মন্তব্য করেন বিভাগীয় কমিশনার রুহুল আমীন। তিনি বলেন, সারা বিশ্বের মানুষের কাছে এই সৈকত পরিচিত। তাই সবার আগে সৈকত পরিচ্ছন্ন রাখা দরকার।
অনুষ্ঠানে মো. আলী হোসেন বলেন, ভবিষ্যতে সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও বেগবান করা হবে।
কক্সবাজার জেলা স্কাউটটের সহকারী কমিশনার বিপ্লব কান্তি দে বলেন, জেলা স্কাউটের চার দিনের সমাবেশ চলছে। এতে ৮টি উপজেলার ৬০টি বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে।