কক্সবাজার সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিল শতাধিক শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ। আন্তর্জাতিক সৈকত পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে গতকাল শনিবার বেসরকারি মুঠোফোন কোম্পানি বাংলালিংক এই কর্মসূচির আয়োজন করে। পরিচ্ছন্নতা অভিযানে সহায়তা দেয় বেসরকারি সংগঠন ‘কেওক্রাডাং বাংলাদেশ’।
সৈকত পরিচ্ছন্নতা দিবসে গতকাল নয়টায় হোটেল শৈবাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সৈকতের লাবণী পয়েন্টে শোভাযাত্রাটি শেষ হয়। এরপর সৈকত পরিষ্কার করার কাজে নামেন সবাই। বাংলালিংক কয়েক বছর ধরে এই দিবসটি পালনে মুখ্য ভূমিকা পালন করে আসছে।
বাংলালিংক চট্টগাম-সিলেট অঞ্চলের পরিচালক সোমেন মিত্র বলেন, সমুদ্রসৈকত ও জীববৈচিত্র৵ রক্ষার ব্যাপারে মানুষকে সচেতন করতেই এই আয়োজন। এমন উদ্যোগের কারণে কয়েক বছর ধরে সমুদ্রসৈকত পরিষ্কার থাকছে। এতে দূষণ থেকে রক্ষা পাচ্ছে পানি।