কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের উত্তাল সাগরে গতকাল শনিবার বিকেলে দুর্গাপ্রতিমাকে বিসর্জন দিল লাখো ভক্ত। বিপুলসংখ্যক পর্যটক বালুচরে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করেন।
জার্মান থেকে ভ্রমণে আসা পর্যটক মাইকেল হার্ডসে (৩৪) বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে হিন্দুদের প্রতিমা বিসর্জন দেখার সুযোগ হয়েছে, কিন্তু এখানকার মতো এত বেশি লোকসমাগম কোথাও দেখিনি। হিন্দুদের বিসর্জন অনুষ্ঠানে বিপুলসংখ্যক মুসলমানের উপস্থিতি আমাকে অবাক করেছে।’
টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদুল কবীর বলেন, প্রতিমা বিসর্জনসহ সৈকতে লাখো মানুষের নিরাপত্তায় ১১১ জন টুরিস্ট পুলিশকে সক্রিয় রাখা হয়েছে। যে কারণে কোনো বিশৃঙ্খলা দেখা দেয়নি।
বিসর্জনের আগে বিকেল চারটায় বিজয়ামঞ্চে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিত দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কক্সবাজারের তিন সাংসদ সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, খুরশেদ আরা হক, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, টুরিস্ট পুলিশের এসপি মো. আবদুল মালেক, মেয়র সরওয়ার কামাল, শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।
সভা পরিচালনা করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা। মন্ত্র পাঠ করেন সরস্বতীবাড়ি মন্দিরের প্রধান পুরোহিত স্বপন ভট্টাচার্য।