কক্সবাজার সৈকতে বিক্রি হচ্ছে ভেজাল আচার
কক্সবাজার সমুদ্রসৈকতসহ শহরের বিভিন্ন মার্কেটে দেদার বিক্রি হচ্ছে ভেজাল আচার। অনেকে আচারে স্থায়িত্ব রক্ষার জন্য ক্ষতিকর ফরমালিন ব্যবহার করছেন।শহরের বিভিন্ন বাসাবাড়িতে ভ্রাম্যমাণ কারখানা খুলে আচারের এই রমরমা বাণিজ্য চালালেও হোতারা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ফলে প্রতারিত হচ্ছে ভ্রমণে আসা পর্যটকেরা। গতকাল মঙ্গলবার সকালে সৈকতের লাবণী, সুগন্ধা পয়েন্ট ও হোটেল মোটেল জোন পরিদর্শন করে দেখা গেছে, অর্ধশতাধিক দোকানে ভেজাল আচার বিক্রি হচ্ছে। ভ্রমণে আসা পর্যটকেরা এসব আচার কিনে নিচ্ছেন। আকর্ষণীয় এবং রঙিন মোড়কে আচারের প্যাকেটে মিয়ানমারের (বার্মিজ) ভাষা ও নায়ক-নায়িকার ছবি ছেপে দেওয়ায় অনেকে আগ্রহ নিয়ে আচার কিনছেন। কিন্তু প্যাকেট খুলে আচারের গুণমান নিয়ে হতাশ হন পর্যটকেরা। কুমিল্লার কোটবাড়ি থেকে ভ্রমণে আসা পর্যটক সাইদুল ইসলাম (৪৪) বলেন, ‘আত্মীয়স্বজনকে উপহার দেওয়ার জন্য সন্ধ্যায় সৈকত থেকে প্রায় দেড় হাজার টাকার আচার কিনেছি। কিন্তু হোটেলে গিয়ে দেখি, সব আচারই ভেজাল। বিষাক্ত কিটনাশকের গন্ধে আচার খাওয়া যাচ্ছিল না। শেষে সব আচার ফেলে দিতে হয়েছে।’ সৈকতের আচার ব্যবসায়ী আবদুল হাকিম (৪৫) বলেন, শহরের বিভিন্ন আস্তানায় ইদানীং প্রচুর পরিমাণ আচার তৈরি হচ্ছে। নাজিম নামের এক ব্যক্তি এই আচার বিক্রির জন্য তাঁদের সরবরাহ দেন। অনুসন্ধানে জানা গেছে, শহরের লারপাড়ার আজিম, এসএমপাড়ার এনামুল, বাহারছড়ার হাফেজ ও আমিন, বিজিবির ক্যাম্প এলাকার করিম কারখানা খুলে ভেজাল আচার তৈরি করছেন। শহরের লাইটহাউজ পাড়ার একটি বাড়িতে হাফেজ আহমদ নামের মিয়ানমারের এক রোহিঙ্গা ভেজাল আচার তৈরি করছেন। আর এসব আচার চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ দিচ্ছেন খাইরুল আমিন, নাজিম ও রহিম নামের আরও কয়েকজন। অভিযুক্ত খাইরুল আমিন বলেন, তিনি মূলত নাজিম ফুড প্রোডাক্টের আচার বিক্রি করেন। তবে এই আচার কোথায় এবং কীভাবে তৈরি হয়, তাঁর জানা নেই। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ওসি আসাদ করিম চৌধুরী বলেন, গত সোমবার বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে পুলিশ অভিযান চালিয়ে তিন বস্তা ভেজাল আচারসহ বিক্রেতা হামিদুর রহমানকে আটক করে। কক্সবাজার সদর মডেল থানার ওসি কামরুল হাসান বলেন, কয়েক মাস আগে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি ভেজাল আচার তৈরির কারখানা উচ্ছেদ করেছিল। পর্যটন মৌসুম সামনে রেখে কারখানাগুলো আবার চালু করা হচ্ছে। সহসা অভিযান চালিয়ে এসব কারখানা উচ্ছেদ করা হবে। সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া বলেন, আচারে ফরমালিন ব্যবহার করা হচ্ছে কি না, অনুসন্ধান চলছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সংখ্যালঘু রাখাইন নারী বলেন, আগে তাঁদের হাতে তৈরি আচারের বেশ চাহিদা ছিল। পর্যটকেরা এই সুস্বাদু আচারের জন্য বার্মিজ মার্কেটে ছুটে আসতেন। কিন্তু ভেজাল আচারের দাপটে রাখাইনদের আসল আচার উধাও হয়ে গেছে।