কক্সবাজার সৈকতে ভেসে আসছে মৃত মা কচ্ছপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও মৃত মা কচ্ছপ ভেসে আসছে। এসব কচ্ছপের মৃতদেহ সৈকতে পড়ে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এতে পরিবেশ দূষিত হচ্ছে। সাগরে মা চিংড়ি ধরার জাহাজে এবং উপকূলের কাছাকাছি পেতে রাখা কয়েক হাজার জালে আটকা পড়ে ডিম পাড়তে আসা এসব মা কচ্ছপের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর এতে স্থানীয় কচ্ছপ প্রজনন হ্যাচারিগুলোতে ডিম সংগ্রহ প্রায় থেমে গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২৪ দিনে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে তিন শতাধিক মৃত কচ্ছপ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে কক্সবাজারের ইনানী, প্যাচার দ্বীপ, হিমছড়ি ও বড়ছড়া সৈকত পরিদর্শনকালে ২২টি মৃত কচ্ছপ দেখা গেছে। বেশির ভাগ মৃত কচ্ছপের ওজন ৩০ থেকে ৪৫ কেজি। প্রতিটি কচ্ছপের পেটে ডিম ছিল।কক্সবাজার পর্যটন পুলিশের প্রধান ও সহকারী পুলিশ সুপার (এএসপি) এম সালাহ উদ্দিন জানান, গত শনিবার দুপুরে উখিয়ার ইনানী থেকে মনখালী পর্যন্ত ১০ কিলোমিটার সৈকত পরিদর্শন করে তিনি ৫০টির বেশি বড় মৃত কচ্ছপ পড়ে থাকতে দেখেছেন। সেগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মৃত কচ্ছপগুলো বালুচরে পুঁতে ফেলার ব্যবস্থা করেন তিনি। কচ্ছপ মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের সামুদ্রিক মত্স্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শাহাবুদ্দিন বলেন, প্রতিবছর শীত মৌসুমে সৈকতে বহু মৃত কচ্ছপ ভেসে আসে। মূলত সাগরে পেতে রাখা জালে আটকা পড়েই বেশির ভাগ মা কচ্ছপ মারা যায়। জালে আটকা পড়লে জেলেরা লাঠি দিয়ে পিটিয়ে কচ্ছপগুলো মেরে সাগরে ফেলে দেয়। এখন জোয়ারের পানিতে মৃত কচ্ছপগুলো উপকূলে ভেসে এসে পরিবেশ দূষিত করছে।পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা হাসিবুর রহমান জানান, মূলত জালে আটকা পড়েই এসব মা কচ্ছপের মৃত্যু হচ্ছে। এ ছাড়া দূর সমুদ্র থেকে সাঁতরে এসে উপকূলে ডিম পাড়ার পরিবেশ না পেয়ে ফিরতে গিয়ে ক্লান্ত হয়েও অনেক মা কচ্ছপ মারা যাচ্ছে।সৈকতে কচ্ছপ সংরক্ষণ ও প্রজননবিষয়ক বেসরকারি সংস্থা মেরিন লাইফ এলিয়েন্সের স্থানীয় ডিম সংগ্রাহক জাকের হোসেন জানান, চলতি মাসে শহরের নাজিরারটেক থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত ছয়টি পয়েন্ট থেকে ১৩৪টি মৃত কচ্ছপ উদ্ধার করে পুঁতে ফেলেছেন। পরিবেশ অধিদপ্তরের প্যাচার দ্বীপ হ্যাচারির তত্ত্বাবধায়ক ও ডিম সংগ্রাহক সিরাজুল ইসলাম জানান, ডিম সংগ্রহ করা যাচ্ছে না। পরিবেশ অধিদপ্তরের দুটি হ্যাচারি দুই মাস ধরে বন্ধ আছে।