কক্সবাজার সৈকতে ভেসে এল ১৫০ কেজি ওজনের মৃত ডলফিন
কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে গতকাল রোববার দুপুরে জোয়ারের সঙ্গে ভেসে আসে প্রায় ১৫০ কেজি ওজনের একটি মৃত ডলফিন। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বিকেলে সৈকতের বালুচরে ডলফিনটি পুঁতে ফেলা হয়। মাছ ধরার জালে আটকা পড়ে অথবা জেলেদের পিটুনিতে ডলফিনটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সৈকতে পর্যটকের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমি প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জোয়ারের পানির সঙ্গে সৈকতে মৃত ডলফিনটি ভেসে আসে। পরে বেলা তিনটার দিকে ডলফিনটি উদ্ধার করে পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন তাঁরা।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, ডলফিনটির ওজন প্রায় ১৫০ কেজি। কয়েক দিন আগে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য ডলফিনের কিছু নমুনা তাঁরা সংগ্রহ করেছেন। পরে এই নমুনা তাঁরা পরীক্ষাগারে পাঠাবেন। তিনি বলেন, বিশাল এই ডলফিন সংরক্ষণের কোনো ব্যবস্থা কক্সবাজারে নেই। তাই সেটি বালুচরে পুঁতে ফেলা হয়েছে।