কক্সবাজার সৈকতে ভ্রাম্যমাণ ক্লিনিক চালুসহ ১০ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গতকাল সকালে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বর্ষবিদায়ের অনুষ্ঠানে অংশ নেওয়া বন্ধুদের একাংশ l ছবি: প্রথম আলো
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গতকাল সকালে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বর্ষবিদায়ের অনুষ্ঠানে অংশ নেওয়া বন্ধুদের একাংশ l ছবি: প্রথম আলো

পর্যটকদের নিরাপদ গোসলের জন্য সৈকতের লাবণী পয়েন্টে ‘সি-নেটিং’ ব্যবস্থা চালু, গোসলে নেমে সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের চিকিৎসার জন্য সৈকতে ভ্রাম্যমাণ ক্লিনিক স্থাপনসহ কক্সবাজারের উন্নয়নে ১০ দফা দাবি তুলেছে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। গতকাল শনিবার সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে বর্ষবিদায় উপলক্ষে আয়োজিত সমাবেশে এই দাবি তোলা হয়।
দাবিগুলোর মধ্যে আরও রয়েছে সৈকতের জীববৈচিত্র্য সংরক্ষণে যত্রতত্র বিচ-বাইকসহ যানবাহন চলাচল বন্ধ করা, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের সেখানে যাতায়াত নিয়ন্ত্রণ করা, শহরের প্রধান সড়ক সম্প্রসারণ, কলাতলী সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাঁকখালী নদী খনন ও নদীর দখলদার উচ্ছেদ, পাহাড়নিধন বন্ধ ও অবৈধ বসতি উচ্ছেদ, ইয়াবাসহ মাদক চোরাচালান বন্ধ, বিনোদনের জন্য সৈকতে শিশুপার্ক, সামুদ্রিক প্রাণীর অ্যাকুরিয়াম, নাইটবাজার স্থাপন এবং কক্সবাজার পাবলিক লাইব্রেরির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা।
গতকাল লাবণী পয়েন্টে শুরু হওয়া এই সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার বন্ধুসভার সভাপতি কাজী মিজানুর রহমান। বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় এতে ১০ দফা দাবি ঘোষণা করেন বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলো কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস।
এসব দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রায়হান কাজেমী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলাম, সৈকতে পর্যটকের নিরাপত্তার দায়িত্ব পালনকারী সি-সেইফ লাইফ গার্ডের পরিচালক ইমতিয়াজ আহমেদ, কক্সবাজার ইংলিশ লেংগুয়েজ লার্নিং সেন্টারের পরিচালক মো. মহিউদ্দিন, শব্দায়ন আবৃত্তি একাডেমির ইভানা পাপড়ি প্রমুখ।
রায়হান কাজেমী বলেন, সৈকতে লাখো পর্যটকের সমাগম হচ্ছে। অথচ তাঁদের জন্য নিরাপদ গোসলের ব্যবস্থা গড়ে ওঠেনি। তিনি বলেন, বিপদাপন্ন পর্যটকের জন্য সৈকতে একটি ক্লিনিক জরুরি। কোনো প্রতিষ্ঠান ক্লিনিক করতে চাইলে ট্যুরিস্ট পুলিশ জায়গা দিতে রাজি আছে।
মাহবুবুর রহমান বলেন, সৈকতে একটি ক্লিনিক স্থাপনসহ প্রধান সড়কের যানজট নিরসনে তিনি ব্যবস্থা নেবেন। বাঁকখালী নদী খনন ও নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধেও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
আবু তাহের চৌধুরী বলেন, কক্সবাজারের সমুদ্রের টানে লাখ লাখ মানুষ ছুটে এলেও বিনোদনের কিছু নেই। তিন বছরে ধরে চেষ্টা চললেও সৈকতে একটি নাইটবাজার চালু করা যায়নি। পর্যটকদের জন্য উৎসব আয়োজন করতে গেলেও নানা ঝামেলায় পড়তে হচ্ছে আয়োজকদের।
ইমতিয়াজ আহমেদ বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগে এই সৈকতে পর্যটকদের উদ্ধারের জন্য আরও বেশি ডুবুরি ও উদ্ধারকর্মী দরকার। ট্যুরিস্ট পুলিশের জনবলও বাড়ানো প্রয়োজন।