কক্সবাজারের কলাতলী সৈকত থেকে চারটি রেস্তোরাঁ ও শুঁটকি বিক্রির একটি আধাপাকা ঘর উচ্ছেদ করা হয়েছে। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত গতকাল শুক্রবার এ অভিযান চালান।সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল আটটার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সৈকতের কলাতলী পয়েন্টে অভিযান চালান। ম্যাজিস্ট্রেটের নির্দেশে শতাধিক শ্রমিক দা-খুন্তি নিয়ে প্রথমে ট্রপিকানা নামের রেস্তোরাঁটি ভেঙে দেন। পরে যথাক্রমে ডেলিশিয়া, এ্যাঞ্জেল ড্রপ ও ফিশফিঙ্গার রেস্তোরাঁ ভেঙে দেওয়া হয়। এ সময় ওই রেস্তোরাঁগুলোর পাশে শুঁটকি বিক্রির একটি আধাপাকা ঘরও গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শুকুর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির মো. আবদুল্লাহ, ম্যাজিস্ট্রেট দেবময় চাকমা দেওয়ান, সদর থানার উপপরিদর্শক (এসআই) মোকাচ্ছেদ হোসেন, অচিন্ত হাওলাদার প্রমুখ।ট্রপিকানা রেস্তোরাঁর ব্যবস্থাপক রবিউল হাসান জানান, চারটি রেস্তোরাঁ ভেঙে ফেলায় তাঁদের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেন, রেস্তোরাঁগুলো ভাঙার আগে তাঁদের নোটিশ দেওয়া হয়নি।ডেলিশিয়া রেস্তোরাঁর মালিক মোহাম্মদ নজিবুল ইসলাম অভিযোগ করেন, রেস্তোরাঁগুলোর পেছনে থাকা একটি হোটেলের মালিকপক্ষ ব্যবসায়িক স্বার্থে প্রশাসনকে হাত করে তাঁদের রেস্তোরাঁ গুঁড়িয়ে দিয়েছে।গত ১০ জানুয়ারি বিচারপতি এ এ ইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে একটি হাইকোর্ট বেঞ্চ কক্সবাজার সমুদ্রসৈকতে স্থাপিত সব স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদ এবং আগামী তিন মাসের মধ্যে সৈকত এলাকার সীমানা নির্ধারণ করতে জেলা প্রশাসককে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন প্রথম আলোকে জানান, হাইকোর্টের আদেশে ইতিমধ্যে সংশ্লিষ্ট সবাইকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। স্থাপনা সরিয়ে না নেওয়ায় ভ্রাম্যমাণ আদালত আজ (গতকাল) তৃতীয় দফায় উচ্ছেদ অভিযান চালান। জসিম উদ্দিন জানান, সৈকতের নাজিরারটেক থেকে ইনানী পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সৈকত দখল করে যেসব স্থাপনা আছে, সব উচ্ছেদ করা হবে।