বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গত বছর থার্টিফার্স্ট নাইট উদ্যাপন করতে প্রায় তিন লাখ মানুষের সমাগম ঘটেছিল। এবার ততটা না হলেও অন্তত দুই লাখ মানুষের সমাগম ঘটবেই। রাতের বিনোদনসেবা বাড়ানো গেলে পর্যটকের আগমন আরও বৃদ্ধি পেত। এখন কক্সবাজারে সমুদ্র দর্শন ছাড়া সময় কাঠানোর তেমন কিছু এখানে নেই। শহরের ঝাউতলায় পর্যটকদের বিনোদনসেবায় নিয়োজিত ট্যুরিজম প্রতিষ্ঠান ‘টুয়াক’ নেতা এবং বে অব বেঙ্গল গ্রুপের পরিচালক তোফায়েল আহমদ এ কথা তুলে ধরেন।কক্সবাজার হোটেল-মোটেল ও গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, বর্তমানে শহরের বিভিন্ন হোটেল-মোটেলে ৬০ হাজারের মতো পর্যটক উপস্থিত রয়েছেন। ফটিকছড়ি থেকে আসা ব্যবসায়ী অনিল বড়ুয়া (৪৫) বলেন, ‘বছরের শেষ সুর্যটাকে বিদায় জানাব এবং পরের দিন পাশের হিলটপ পাহাড়ের চূড়ায় ওঠে নতুন বছরের সূর্যকে দেখে বিকেলে ফিরে যাব।’ থার্টিফার্স্ট নাইটে বিপুুলসংখ্যক পর্যটকের উপস্থিতিতে সৈকতে নাশকতার আশঙ্কা করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, থার্টিফার্স্ট নাইট উদ্যাপনসহ ভ্রমণে আসা পর্যটকের সার্বিক নিরাপত্তায় পুলিশসহ একাধিক বাহিনী সক্রিয় থাকবে। সৈকতসহ শহরের বিভিন্ন স্থানে একাধিক চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের অনুসন্ধান করা হবে। মাদকের ব্যবহার কমাতে হোটেল-মোটেল জোনসহ শহরের বিভিন্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও ব্যাগ তল্লাশি করা হবে।