কক্সবাজার সৈকতে ৬৭টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন

বঙ্গোপসাগর ছিল প্রচণ্ড উত্তাল। তার মধ্যে চলছিল ভারী বর্ষণ। এ রকম বৈরী আবহাওয়া উপেক্ষা করে গতকাল মঙ্গলবার কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে জড়ো হন পূজার্থীরা। একে একে তাঁরা বিসর্জন দেন ৬৭টি পূজামণ্ডপের প্রতিমা।
গতকাল সকাল থেকে কক্সবাজারে ভারী বর্ষণ চলছিল। বৃষ্টি উপেক্ষা করে দুপুরের পর থেকে টেকনাফ, উখিয়া ও রামুসহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে সৈকতের লাবণী পয়েন্টে জড়ো হতে শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা। বিকেল চারটার আগেই লাবণী পয়েন্টে নির্মিত ‘সম্প্রীতির বিজয়া মঞ্চ’-এর সামনের সৈকত ভরে যায়।
বিকেল চারটায় জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিত দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল শর্মার সঞ্চালনায় শুরু হয় সম্প্রীতি সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ প্রমুখ।
বিকেল পাঁচটার পর একে একে সব প্রতিমা সমুদ্রে বিসর্জন দেওয়া হয়।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিত দাশ বলেন, এ বছর জেলার ২৮৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা হয়। কিন্তু ভারী বর্ষণের কারণে চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়াসহ বিভিন্ন স্থানের পূজামণ্ডপের প্রতিমা এ সৈকতে আনা সম্ভব হয়নি। কেবল শহরসহ আশপাশের ৬৭টি পূজামণ্ডপের প্রতিমা এ সৈকতে বিসর্জন দেওয়া হয়। ৬৭টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দিতে সময় লেগেছে মাত্র ১২ মিনিট।