কক্সবাজার সৈকতে 'বিচ কার্নিভাল' শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে আজ শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিচ কার্নিভাল ২০১৬। কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বেসরকারি প্রতিষ্ঠান ‘কার্নিভাল ইভেন্টস’ যৌথভাবে এই কার্নিভালের আয়োজন করছে।
আয়োজকেরা জানান, আজ বেলা তিনটায় কার্নিভালের উদ্বোধন করবেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার ও পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী।
কার্নিভাল ইভেন্টসের চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, বিচ কার্নিভাল উৎসবে লোকজ সংস্কৃতি তুলে ধরা হবে। এ ছাড়া দেশসেরা ব্যান্ড দল ও শিল্পীরা উৎসবে অংশ নেবেন।
কার্নিভালের সাংস্কৃতিক উৎসব সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, গত ছয় দিনে কক্সবাজার ভ্রমণে এসেছেন অন্তত ছয় লাখ পর্যটক। বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে সৈকতে বিচ কার্নিভালসহ নানা অনুষ্ঠানের আয়োজন থাকছে।