কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসের মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই সময় শেষ হয়েছে এক সপ্তাহ আগে। কিন্তু এখন পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। উল্টো সৈকতের বিভিন্ন স্থানে সরকারি জমি দখল করে তৈরি হচ্ছে নানা স্থাপনা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজার সমুদ্রসৈকতকে রক্ষায় সেখানে স্থাপনা নির্মাণ বন্ধ এবং ইতিমধ্যে নির্মাণ করা অবৈধ স্থাপনা সরানোর নির্দেশনা চেয়ে গত ৯ জানুয়ারি জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন দায়ের করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’। রিটের শুনানি শেষে গত ৭ জুন হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ ৩০ দিনের মধ্যে সমুদ্রসৈকতের সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। সে হিসাবে ৭ জুলাই হাইকোর্টের নির্দেশের সময়সীমা শেষ হয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার পর্যন্ত এ ব্যাপারে প্রশাসনের কোনো তৎপরতা চোখে পড়েনি।একই রিটের পরিপ্রেক্ষিতে গত ১০ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ সাত দিনের মধ্যে কক্সবাজার সৈকতের স্থায়ী-অস্থায়ী সব ধরনের স্থাপনা উচ্ছেদের জন্য কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেন। একই সঙ্গে তিন মাসের মধ্যে সমুদ্রসৈকত এলাকার সীমানা নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠন করতে কক্সবাজারের জেলা প্রশাসককে নির্দেশ দেন আদালত।এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের নির্দেশের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী গঠিত কমিটির মাধ্যমে সৈকতের সীমানা নির্ধারণের কাজ শেষ না হওয়ায় এবং জেলার আটটি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রশাসন ব্যস্ত থাকায় উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হচ্ছে না। এ ছাড়া সৈকতের অবৈধ স্থাপনা নির্ধারণ সময়সাপেক্ষ ব্যাপার। এসব বিষয় ও সমস্যা তুলে ধরে আদালতে প্রতিবেদন দাখিল করা হচ্ছে।’পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী স্থানীয় প্রশাসন সৈকত এলাকায় উচ্ছেদ অভিযান শুরু না করায় প্রভাবশালী ভূমিদস্যুরা অসংখ্য বহুতল ভবন তৈরির কাজ চালাচ্ছে। অনেকে সমুদ্রসৈকত-সংলগ্ন পাহাড় কেটে বহুতল হোটেল-মোটেল তৈরি করছে। এতে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।পরিবেশ বাঁচাও আন্দোলনের (বাপা) কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, সৈকতের নাজিরারটেক থেকে শুরু করে টেকনাফ বদরমোকাম পর্যন্ত ১২০ কিলোমিটার সৈকতজুড়ে শুরু হয়েছে দখলের মহোৎসব। কতিপয় প্রভাবশালী ভূমিদস্যু ও আবাসন প্রতিষ্ঠান দখল-প্রক্রিয়ায় জড়িয়ে পড়েছে। এতে একদিকে যেমন বিশ্বের দীর্ঘতম সৈকত সংকুচিত হচ্ছে, তেমনি হারিয়ে যাচ্ছে তার নয়নাভিরাম সৌন্দর্য।সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলাতলী, সুগন্ধা, লাবণী, ডায়াবেটিক হাসপাতালসহ বিভিন্ন সৈকতে ছয় শতাধিক দোকান তৈরি করে ব্যবসা করছেন অনেকে। সৈকতসংলগ্ন ঝাউগাছের কয়েকটি পয়েন্টে দেখা গেছে কয়েক হাজার ঝুপড়িঘর। সেখানে বসবাস করছে ২০ হাজারের বেশি ভাসমান মানুষ। সৈকতের বড়ছড়া, আদর্শগ্রাম, হিমছড়ি, ইনানী, বাহারছড়া ও টেকনাফের অবস্থা আরও ভয়াবহ। অনেকে সৈকতের একেবারে তীর ঘেঁষে ১৩ তলা পর্যন্ত বহুতল ভবন তৈরি করছেন।কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ জানান, ‘সমুদ্রসৈকতসহ পৌরসভা এলাকায় ছয় তলার বেশি ভবন নির্মাণের অনুমতি আমরা দিচ্ছি না। কিন্তু শহরের বিভিন্ন স্থানে অনেকে ১০ থেকে ১৮ তলা পর্যন্ত ভবন তৈরি করে ফেলেছেন।’কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, হাইকোর্টের রায় বাস্তবায়নে প্রশাসনের তৎপর হওয়া উচিত। তা না হলে সমুদ্রসৈকত রক্ষা কঠিন হয়ে পড়বে।