কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি
কক্সবাজার শহরের নাজিরারটেক থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত সমুদ্রসৈকতের প্রায় ১২০ কিলোমিটার এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানানো হয়েছে। পর্যটকদের জন্য ১২০ কিলোমিটার এলাকা উন্মুক্ত রাখতে এই দাবি জানিয়ে স্থানীয় লোকজন গতকাল রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, অনেক প্রভাবশালী ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান ১২০ কিলোমিটারের এই সমুদ্রসৈকত দখল করে অসংখ্য হোটেল, মোটেল, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ করছে। অনেকে কাটাতারের বেড়া দিয়ে সৈকতের জমি দখল করে রেখেছে। এতে পর্যটকেরা সৈকতে অবাধে চলাফেরা করতে পারছে না। এ অবস্থা চলতে থাকলে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের সৌন্দর্য নষ্ট হবে। তাই পরিকল্পিত কক্সবাজার পর্যটন নগর গড়ে তুলতে এসব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ জরুরি।গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সৈকতের কলাতলী পয়েন্টে সর্বস্তরের মানুষ মানববন্ধন করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানায়। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, গত দুই দিন ধরে সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। আরও কয়েক দিন কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত পুরো ১২০ কিলোমিটার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।