কক্সবাজার সৈকতের ঝাউবাগান থেকে ৭৫ ঝুপড়ি ঘর উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও মাদকের ব্যবসা নিয়ন্ত্রণের জন্য কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগান থেকে ৭৫টি অবৈধ বসতবাড়ি ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। গত রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। গত ২৫ আগস্ট প্রথম আলোয় ‘সৈকতের ঝাউবাগান দখল করে কয়েক হাজার ঝুপড়িঘর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।সৈকতে ভ্রমণে আসা পর্যটকের নিরাপত্তার দায়িত্বে থাকা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ওসি আসাদ করিম চৌধুরী বলেন, চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপরাধ দমনের জন্য ঝাউবাগানের ভেতরে তৈরি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও জলোচ্ছ্বাসে প্লাবনের শিকার দাবি করে কিছু ভাসমান লোক ঝাউবাগানের ভেতরে ঝুপড়িঘর বেঁধে বসতি শুরু করছিল।গত রোববার শহরের ডায়াবেটিকস হাসপাতাল, সমিতিপাড়া, বালিকা মাদ্রাসা ও কলাতলী পয়েন্টের ঝাউবাগানে অভিযান চালিয়ে ৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অন্যান্য স্থাপনাও উচ্ছেদ করা হবে।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের আরডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) মো. নায়েরুজ্জামান। এ সময় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান উপস্থিত ছিলেন।