কক্সবাজার সৈকতের স্থাপনা সরাতে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতে থাকা স্থাপনা উচ্ছেদের পক্ষে হাইকোর্টের দেওয়া প্রত্যাহার আদেশ বহাল রয়েছে। হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে চার ব্যবসায়ীর করা পৃথক আবেদন খারিজ (ডিসমিসড) করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে সমুদ্রসৈকত এলাকায় থাকা স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ। জানা যায়, কক্সবাজার সমুদ্রসৈকত রক্ষায় সেখানে স্থাপনা নির্মাণ বন্ধে এবং নির্মিত স্থাপনা সরানোর নির্দেশনা চেয়ে জনস্বার্থে গত ৯ জানুয়ারি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে চারজন আইনজীবী হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে পরদিন হাইকোর্ট কক্সবাজার সমুদ্রসৈকতে অবস্থিত স্থায়ী-অস্থায়ী সব স্থাপনা উচ্ছেদ করতে কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেন। এ নির্দেশনা অনুসারে ১২ জানুয়ারি কক্সবাজারের জেলা প্রশাসক সমুদ্রসৈকত এলাকার স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ দেন। তবে ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে চার ব্যবসায়ী হাইকোর্টের অপর একটি বেঞ্চে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি বিচারপতি মো. মিফতাহ্ উদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। এ আদেশ প্রত্যাহার চেয়ে মূল রিট আবেদনকারী হাইকোর্টে আবেদন করলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ১৫ ফেব্রুয়ারি স্থগিতাদেশ প্রত্যাহার করে আদেশ দেন। স্থগিতাদেশ প্রত্যাহার-সংক্রান্ত হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগের আবেদন করেন চার ব্যবসায়ী। এর পরিপ্রেক্ষিতে ২৪ ফেব্রুয়ারি চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। রোববার এ বিষয়ে শুনানি নিয়ে গতকাল আদালত আদেশ দেন।