কক্সবাজার সৈকতের ৩০০ মিটারের মধ্যে আর স্থাপনা নয়
কক্সবাজার সমুদ্রসৈকত তীরের ৩০০ মিটারের মধ্যে আর কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। এই সীমানার মধ্যে হোটেল, মোটেল, রেস্তোরাঁ কিংবা অন্য কোনো অবকাঠামো নির্মাণ করলে ব্যবস্থা নেবে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’ (কউক)। তা ছাড়া শিগগিরই খুঁটি স্থাপন করে সমুদ্রসৈকতের সীমানাও নির্ধারণ করে দেওয়া হবে।
আজ সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার শহরের বিএমএ ভবনে কউকের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে ‘ইমারত নির্মাণ ও ভূমি উন্নয়ন অনুমোদন’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন কউকের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ। প্রায় সাত মাস আগে দায়িত্ব নেওয়ার পর ইমারত নির্মাণ বিষয়ে প্রথম এই সভার আয়োজন করেন তিনি।
কউক চেয়ারম্যান বলেন, এতদিন পর্যটন নগরী কক্সবাজারের উন্নয়ন হয়েছে অপরিকল্পিতভাবে। যখন যেখানে ইচ্ছা বহুতল ভবন হয়েছে। এ ক্ষেত্রে সরকারি আইন ও বিধিনিষেধ মানা হয়নি। বিশেষ করে সমুদ্রসৈকত এলাকায় অপরিকল্পিতভাবে নানা অবকাঠামো তৈরি করে পরিস্থিতি জটিল করা হয়েছে। এতে সৈকতের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এভাবে আর চলতে দেওয়া যাবে না। এখন থেকে প্রতিটি উন্নয়ন হবে কউকের গেজেটে উল্লেখিত মহাপরিকল্পনা অনুযায়ী।
ফোরকান আহমদ আরও বলেন, সৈকতের হোটেল-মোটেল অঞ্চলে শুঁটকির দোকান থাকবে না। ভ্রমণে আসা পর্যটকদের শুঁটকির দুর্গন্ধ থেকে মুক্ত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া এখন থেকে কোনো হোটেল-মোটেল ও গেস্টহাউসের সামনে কোনো গাড়ি দাঁড়াবে না। ইতিমধ্যে সংশ্লিষ্টদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে। শহরের ঐতিহ্যবাহী দিঘিগুলো সংরক্ষণ করে বিনোদনের স্থানে পরিণত করার কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী জহিরুল ইসলাম খন্দকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কউকের সদস্য (প্রকৌশল) লে. কর্নেল আনোয়ারুল ইসলাম ও কউকের নগর পরিকল্পনাবিদ সরওয়ার উদ্দিন প্রমুখ।