কক্সবাজারকে পরিবেশবান্ধব পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে ১২০ কিলোমিটার সৈকত এলাকায় পানি থেকে ওপরে ৫০০ মিটার পর্যন্ত জমিতে কোনো ধরনের স্থাপনা তৈরির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি উঠেছে। পরিকল্পিত কক্সবাজার গড়ার লক্ষ্যে তৈরি মহাপরিকল্পনার খসড়া নিয়ে আয়োজিত মুক্ত আলোচনায় এ দাবি তোলেন আলোচকেরা। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল বুধবার সকালে এ আলোচনা অনুষ্ঠিত হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজারকে পরিকল্পিত পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নগর উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান শেলটেক প্রায় দুই বছর জরিপ চালিয়ে একটি মহাপরিকল্পনা প্রস্তুত করেছে। গত ১১ থেকে ৩১ মে পর্যন্ত এই মহাপরিকল্পনার খসড়া কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় এবং কক্সবাজার, টেকনাফ ও মহেশখালী পৌরসভা কার্যালয়ে জনগণের মতামতের জন্য উন্মুক্ত করা হয়। গতকাল খসড়া নিয়ে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা। এতে সভাপতিত্ব করেন নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এ জেড এম তাজুল ইসলাম।অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নিয়ন) মো. জিল্লার রহমান বলেন, কক্সবাজারকে পরিকল্পিত পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে প্রায় ৮০ হাজার একর জমি নিয়ে এই মহাপরিকল্পনা তৈরি হচ্ছে। স্থানীয় বিভিন্ন পেশার মানুষের মতামত নিয়ে এটি সংশোধন, সংযোজন করে ঢাকায় পাঠানো হবে। মন্ত্রিপরিষদ অনুমোদন দিলে এটি বাস্তবায়ন করা হবে।আলোচনায় কক্সবাজার দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমদ বলেন, সমুদ্রসৈকত দখলমুক্ত রাখতে এবং ঝুঁকি থেকে রক্ষার জন্য সৈকতের পানি থেকে ওপরের দিকে ৫০০ মিটারের মধ্যে কোনো ধরনের অবকাঠামো ও স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করা দরকার।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম বলেন, কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত সৈকতে ৫০০ মিটার নয় বরং মেরিন ড্রাইভ সড়কের পশ্চিমে কোনো ধরনের স্থাপনা নিষিদ্ধ করতে হবে। আবার কলাতলী থেকে নাজিরারটেক পর্যন্ত ৫০০ মিটারের পরিবর্তে ২০০ মিটার করা যেতে পারে। কারণ ৫০০ মিটার করা হলে বহু বহুতল ভবন ভেঙে ফেলতে হবে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. শাহজাহান বলেন, মহেশখালীর সোনাদিয়ার গভীর সমুদ্রবন্দরকে মহাপরিকল্পনার আওতায় আনা হয়নি। এটা জেলাবাসী মেনে নেবে না। মিয়ানমারের চার লাখের বেশি রোহিঙ্গাকে না সরানো পর্যন্ত কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নের আগে রোহিঙ্গাদের তালিকা তৈরি করে এক জায়গায় জড়ো করে রাখা দরকার। তারপর তাদের মিয়ানমারে ফেরত পাঠাতে হবে। তা ছাড়া পরিবেশ রক্ষার স্বার্থে ১২০ কিলোমিটার সৈকত এলাকায় নারকেল গাছ লাগানো দরকার। টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিক মিয়া মহাপরিকল্পনায় টেকনাফ পর্যন্ত রেললাইন সম্প্রসারণ ও সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষার স্বার্থে ছেঁড়াদিয়াকে সংরক্ষিত এলাকা ঘোষণার দাবি জানান।কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী এ কে এম সোহেল বলেন, পাহাড় কাটার ফলে পৌরসভার নালা-নর্দমাগুলো ভরাট হয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টির পানিতে শহরে জলাবদ্ধতা দেখা দেয়। সৈকত এলাকায় শত শত হোটেল মোটেল তৈরি করা হলেও সেখানে কোনো পয়োনিষ্কাশন ব্যবস্থা নেই। মহাপরিকল্পনার খসড়ায় এসব বিষয়ে কোনো নির্দেশনা নেই। ফলে পরিকল্পিত নগর গড়তে সমস্যা হবে। এ ছাড়াও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, জেলা আওয়ামী লীগের নেতা সিরাজুল মোস্তফা, নজরুল ইসলাম চৌধুরী, বায়তুশশরফ কমপ্লেক্সের মহাপরিচালক মো. সিরাজুল ইসলাম, প্রকৌশলী কানন পাল প্রমুখ।