কক্সবাজারে এ পর্যন্ত যেসব অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, সবই অপরিকল্পিত। ইট-কংক্রিটের শহরে পরিণত করা হয়েছে কক্সবাজারকে। প্রধান ও সৈকত সড়কের দুপাশে ফুটপাত দখল করে স্থাপনা নির্মিত হওয়ায় পর্যটকেরা দুর্ভোগে পড়ছেন। সময় এসেছে এসব সমস্যা থেকে উত্তরণের। সমস্যাগুলো চিহ্নিত করে কক্সবাজারকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে হবে।
গতকাল শুক্রবার কক্সবাজারের একটি হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘কক্সবাজার পর্যটন সিটির উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেন, কক্সবাজারে গত এক দশকে বিপুল পরিমাণ বহুতল ভবন নির্মিত হয়েছে, কিন্তু কোনোটিই পরিকল্পিতভাবে হয়নি। রাস্তাঘাট ও নালা দখল করেও নির্মাণ করা হয়েছে অনেক স্থাপনা, যে কারণে পর্যটন এলাকার রাস্তাঘাট কাদা ও ময়লা-আবর্জনায় ভরে থাকে। এতে পর্যটকেরা দুর্ভোগের শিকার হচ্ছেন। তিনি বলেন, শিগগিরই তালিকা তৈরির পর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কক্সবাজারকে নতুনভাবে সাজানো হবে।
চট্টগ্রাম-৩ আসনের সাংসদ মাহফুজুর রহমান বলেন, এখানে সৈকত দখল করে যত্রতত্র গড়ে তোলা হয়েছে ঝুপড়ি দোকান। এগুলো সৈকতের প্রবেশমুখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ কারণে কোনো পর্যটক দ্বিতীয়বার কক্সবাজারে আসতে আগ্রহ হারিয়ে ফেলবেন।
রাজশাহী-৩ আসনের সাংসদ মো. আয়েন উদ্দিন বলেন, এখানে গাড়ি পার্কিং করা হয় রাস্তার ওপর। এতে পর্যটকেরা চলাচলে দুর্ভোগে পড়েন।
ময়মনসিংহ-৯ আসনের সাংসদ আনোয়ার আবেদিন খান বলেন, ‘এ সৈকতে বসে বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ সৈকতে নামলেই কয়েক মিনিট পর পর হকাররা এসে বিরক্ত করে। এতে পর্যটকেরা অস্বস্তিতে পড়েন। আমাদের প্রয়োজনেই সৈকতে হকারদের উৎপাত বন্ধ করতে হবে।’
মতবিনিময় সভার প্রধান আলোচক রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাংসদ নূরুন্নবী চৌধুরী বলেন, কক্সবাজার নানা সম্পদে ভরপুর। তবে পরিকল্পনা অনুযায়ী এর ব্যবহার দরকার। এর জন্য বড় কোনো আয়োজনের দরকার নেই। নিজেদের সদিচ্ছাই যথেষ্ট।
প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার সৈকতকে ঘিরে কোনো ধরনের উন্নয়ন করেনি। আমরা অল্প সময়ে অনেক সমস্যার সমাধান করেছি। প্রধানমন্ত্রী পর্যটননগরীর উন্নয়নে আগ্রহী। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ধীরে ধীরে কক্সবাজার বিশ্বমানের পর্যটননগরীতে পরিণত হবে।’
রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম, টাঙ্গাইল-৫ আসনের সাংসদ ছানোয়ার হোসেন, ময়মনসিংহ-১০ আসনের সাংসদ ফাহমী গোলন্দাজ, কউকের সদস্য বদিউল আলম, কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মো. শাহজাহান, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী।