কক্সবাজারকে পরিবেশবান্ধব পর্যটন শহর হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন
কক্সবাজারকে পরিবেশবান্ধব পর্যটন শহর হিসেবে গড়ে তোলাসহ ১৩ দফা দাবি বাস্তবায়নে গতকাল মঙ্গলবার শহরের পৌরসভা ভবন চত্বরে মানববন্ধন করেছে কক্সবাজার পর্যটন উন্নয়ন সাংবাদিক পরিষদ। দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। দাবিগুলো হচ্ছে: পর্যটন করপোরেশনের গলফ মাঠে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, যানজট নিরসনে বাস কাউন্টার অন্যত্র সরিয়ে নেওয়া, শিশুপার্ক নির্মাণ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পাহাড় ও বন উজাড় রোধে সেনা ও বিজিবির অভিযান পরিচালনা, ফুটপাত, নদী, নালা ও সমুদ্রসৈকত দখলমুক্ত করা ইত্যাদি। পরিষদের সভাপতি আহমদ গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন—সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সভাপতি অধ্যাপক আবদুল বারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ শাহজাহান, পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন কক্সবাজার’-এর নির্বাহী পরিচালক ফজলুল কাদের চৌধুরী, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, প্রকৌশলী কানন পাল, সাংবাদিক প্রিয়তোষ পাল, কলেজশিক্ষক আকতার চৌধুরী প্রমুখ।