কক্সবাজারকে ফরমালিনমুক্ত করার উদ্যোগ
পর্যটন শহর কক্সবাজার পৌরসভাকে ফরমালিনমুক্ত করার উদ্যোগ নিচ্ছে প্রশাসন। প্রথমে পৌরসভার দুটি প্রধান মাছবাজার ও প্রধান সড়কের দুই পাশের ফলের দোকানগুলোকে এর আওতায় আনা হচ্ছে।জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানান, পৌর শহরের বাহারছড়া ও বড়বাজারে মাছ কিনতে গিয়ে ক্রেতারা বিপাকে পড়ছেন। এসব বাজারে বিক্রি করতে আনা মাছে ক্ষতিকর ফরমালিন ব্যবহারের অভিযোগ রয়েছে। তা ছাড়া প্রধান সড়কের লালদীঘির পাড় থেকে বাজারঘাটা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকায় অর্ধশতাধিক ফলের দোকানকেও এর আওতায় আনা হচ্ছে। ২৭ মার্চ থেকে এই কার্যক্রম শুরু করা হবে। গত রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মাছে ফরমালিন ব্যবহার, ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায়ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ হাটবাজার ও দোকানগুলোতে ফরমালিনযুক্ত মাছ ও ফলমূল বিক্রির অভিযোগ করেন। জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আহমদের সভাপতিতে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার মো. আজাদ মিয়া, জেলা দোকান মালিক ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমদ, প্রকৌশলী কানন পাল, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের প্রমুখ। শহরের লালদীঘি পাড়ের ফলবিক্রেতা নওশের আলী জানান, ৩০ বছরের ব্যবসায় তিনি কোনো দিন ফলে কীটনাশক কিংবা ফরমালিন ব্যবহার করেননি। কিন্তু বিভিন্ন হাটবাজার ও রাস্তাঘাটে অনেকে ফরমালিনযুক্ত আঙুর, কমলা, দুধ, কলা বিক্রি করছেন। এসব বন্ধ হলে সাধারণ ক্রেতারা উপকৃত হবেন।