কক্সবাজারকে মাদকমুক্ত করার উদ্যোগ
কক্সবাজারকে মাদকমুক্ত করতে নানা উদ্যোগ নিচ্ছে পুলিশসহ বিভিন্ন সামাজিক সংগঠন। এ উপলক্ষে গতকাল রোববার শহরের একটি হোটেলের সম্মেলনকক্ষে শুরু হয়েছে ‘আমাদের স্বপ্ন মাদকমুক্ত কক্সবাজার’ শীর্ষক দুই দিনের কর্মশালা।
পুলিশ সংস্কার কর্মসূচি (পিআরপি), জেলা কমিউনিটি পুলিশ, ইউএনডিপি ও ইউকেএইডের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার শ্যামল কুমার নাথ। জেলা কমিউনিটি পুলিশের সভাপতি রণজিত দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পিআরপির কর্মকর্তা জেরাল স্মিথ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ছত্রধর ত্রিপুরা, জেলা কমিউনিটি পুলিশের সহসভাপতি আবু মোরশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, মাদক পাচারের রুট হিসেবে কক্সবাজারের দুর্নাম আছে। বিশেষ করে মিয়ানমার থেকে চোরাইপথে আসা ইয়াবা কক্সবাজার হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় প্রতিদিন বিপুল পরিমাণ ইয়াবাসহ পাচারকারীদের ধরলেও মাদক চোরাচালাল বন্ধ করা যাচ্ছে না। তাই পুলিশ নানা সামাজিক সংগঠন নিয়ে মাঠে নামবে।
জেলা কমিউনিটি পুলিশের সভাপতি রণজিত দাশ জানান, কর্মশালার শেষ দিনে পুলিশ কর্মকর্তা, যুবসমাজের প্রতিনিধি ও শিক্ষকদের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হবে। এই কমিটি বিভিন্ন স্কুল-কলেজে মাদকবিরোধী প্রচারণা চালাবে ও জনমত সৃষ্টি করবে।