কক্সবাজারকে মাদকমুক্ত রাখার শপথ
কক্সবাজারকে মাদকমুক্ত রাখার শপথ নিল কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ।
এর আগে বিদ্যালয়ের সভাকক্ষে মাদকবিরোধী সমাবেশ হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ সেলিমা রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সংস্কার কর্মসূচির (পিআরপি) ক্যাপাসিটি বিল্ডিং অফিসার রতন কুমার দেব, জেলা কমিউনিটি পুলিশের জ্যেষ্ঠ সহসভাপতি আবু মোর্শেদ চৌধুরী।
‘আমাদের স্বপ্ন মাদকমুক্ত কক্সবাজার’ স্লোগান নিয়ে স্কুল পর্যায়ে জেলাব্যাপী এই মাদকবিরোধী কর্মসূচির আয়োজন করেছে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং। এতে সহায়তা করছে পিআরপি। গতকাল ছিল প্রথম সমাবেশ।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, ‘কিছুসংখ্যক মানুষ ইয়াবা আর মানব পাচারে জড়িত থাকলেও অপবাদ সইতে হচ্ছে কক্সবাজারের ২৪ লাখ মানুষকে। তাই মাদক আর মানব পাচার নির্মূলে চাই সবার আন্তরিক সহযোগিতা।’ পরে তিনি শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান।