কক্সবাজারবাণী সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা
কক্সবাজার শহর থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজারবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খানের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এ এক কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।
মামলার বাদী প্রথম আলো কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা। আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ মামলাটি আমলে নিয়ে আসামি ফরিদুল মোস্তফা খানকে আগামী ১৮ মার্চ আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন।
আরজিতে উল্লেখ করা হয়, মিয়ানমার সীমান্তের ইয়াবা চোরাচালান এবং ইয়াবা গডফাদারদের মুখোশ উন্মোচনে প্রথম আলো শুরু থেকে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। কিন্তু মামলার আসামি ফরিদুল মোস্তফা খান ইয়াবা গডফাদারদের পক্ষাবলম্বন করে ২৩ জানুয়ারি তাঁর পত্রিকা কক্সবাজারবাণীতে ‘ইয়াবা ও অপরাধ সাম্রাজ্যে এক আব্দুল কুদ্দুস রানা’ শিরোনামে নিজের নামের বরাত দিয়ে ভূয়া, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করেন। এতে বাদীর এক কোটি টাকার সম্মানহানি ঘটানো হয়।
বাদীপক্ষের আইনজীবী মো. আয়াছুর রহমান বলেন, আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ মামলাটি গ্রহণ করে আসামি ফরিদুল মোস্তফা খানকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন।