কক্সবাজারবাণীর সম্পাদককে বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সব পত্রিকার সম্পাদক, সাংবাদিক সংগঠন, এজেন্ট, হকার এবং কম্পিউটার অপারেটররা একযোগে দৈনিক কক্সবাজারবাণীর প্রকাশক ও সম্পাদক ফরিদুল মোস্তফা খানকে বর্জনের ঘোষণা দিয়েছেন৷
গত মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক যৌথ সভায় হলুদ সাংবাদিকতা এবং মিথ্যা ও কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশনের দায়ে ওই পত্রিকার সম্পাদক ফরিদুল মোস্তফার বিরুদ্ধে এ ঘোষণা দেওয়া হয়৷
‘সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’-এর সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুসের পেশাগত এবং জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়৷
সভায় বক্তারা বলেন, কক্সবাজারবাণী পত্রিকাকে ব্যবহার করে ফরিদুল মোস্তফা খান ধারাবাহিকভাবে বিভিন্ন শ্রদ্ধাশীল ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করে যাচ্ছেন৷ সাংবাদিকতার নীতি ও নৈতিকতাবর্জিত সংবাদ প্রকাশের মাধ্যমে তিনি হলুদ সাংবাদিকতার চর্চা করে যাচ্ছেন৷ এ ঘটনায় এরই মধ্যে দুই সাংবাদিক ইউনিয়ন ফরিদকে অবািঞ্ছত ঘোষণা করে৷সভায় কক্সবাজারবাণী পত্রিকা বিক্রি না করার সিদ্ধান্ত জানান কক্সবাজারের সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি এবং কক্সবাজার সংবাদপত্র হকার সমিতির নেতারা৷ ওই পত্রিকার কম্পিউটার বিভাগে কাজ না করার সিদ্ধান্ত জানান কক্সবাজার মিডিয়া অপারেটর অ্যাসোসিয়েশনের নেতারা৷ ফরিদুল মোস্তফার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন শহর থেকে প্রকাশিত সব দৈনিকের সম্পাদক ও সাংবাদিকেরা৷