চার শতাধিক প্রকল্পে বরাদ্দ ১৩ কোটি টাকা
কক্সবাজারে অতিদরিদ্র ১৬ হাজার মানুষের জন্য কর্মসংস্থান প্রকল্প
‘দুই মাস ধরে গ্রামে কোনো কাজকর্ম ছিল না। সাগরেও তেমন মাছ পাওয়া যাচ্ছে না। লবণ উৎপাদন শুরু হতে আরও এক মাস বাকি। তাই অভাব-অনটনে সংসার চলছিল। এই সময় রাস্তা সংস্কারের কাজ না পেলে পরিবারের সবাইকে নিয়ে না খেয়ে থাকতে হতো। অতিদরিদ্রদের জন্য সরকার কর্মসংস্থান কর্মসূচি প্রকল্প হাতে নিয়ে ভালোই করেছে। এখন গরিব মানুষের পেটে অন্তত দুমুঠো ভাত যাচ্ছে। ’গত শনিবার সকালে কক্সবাজারের সমুদ্র উপকূলীয় পেকুয়া উপজেলার মগনামা গ্রামের দিনমজুর মোহামঞ্চদ আলী (৪৮) এ কথা তুলে ধরেন। পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম মিয়াজী বলেন, এই উপজেলায় ৩০টি প্রকল্পের বিপরীতে এক হাজার ৭৮৩ জন শ্রমিক কাজ করছেন। কাজের বিপরীতে বরাদ্দ করা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৮৬ হাজার ২০২ টাকা। সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত কাজ করে প্রতিজন শ্রমিক মজুরি পাচ্ছেন ১৭৫ টাকা। একইভাবে উখিয়া উপজেলায় ৩৬টি প্রকল্পের বিপরীতে কাজ করছেন দুই হাজার ৫৯২ জন শ্রমিক। এসব প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে দুই কোটি এক লাখ ৯১ হাজার ৪৪০ টাকা।উপজেলার রাজাপালং ইউনিয়নের ‘লম্বাশিয়া-ধইল্যাঘোনা’ রাস্তা সংস্কার প্রকল্প ঘুরে দেখা গেছে, শতাধিক শ্রমিক কাজ করছেন। পাশের খাল খনন ও মাঠ ভরাট প্রকল্পে কাজ করতে দেখা গেছে বেশ কিছু নারীকে। শ্রমিক সফুরা বেগম (৪৫) বলেন, গত ৩ নভেম্বর থেকে তাঁরা ১১ জন নারী এই প্রকল্পে কাজ করছেন। বেতন পাচ্ছেন পুরুষের সমান ১৭৫ টাকা। এই টাকায় কোনো রকম সংসার চলছে। এই প্রকল্পে তাঁদের ৪০ দিন কাজ করতে হবে।রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, এই প্রকল্পের আওতায় গ্রামীণ রাস্তাঘাট সংস্কার, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ভরাট, খাল ও ছড়া খনন, কবরস্থান সংস্কারের কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০১২-১৩ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় (প্রথম পর্যায়ে) জেলার আটটি উপজেলায় প্রায় ১২ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর বিপরীতে ইতিমধ্যে চার শতাধিক প্রকল্প গ্রহণ করে মোট ১৫ হাজার ৮৬২ জন অতিদরিদ্র নারী-পুরুষকে শ্রমিক হিসেবে কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অক্টোবর মাসের শেষের দিকে এই কাজ শুরুর কথা থাকলেও প্রকল্প গ্রহণ, শ্রমিক বাছাই ও অনুমোদন, শ্রমিকদের নামের বিপরীতে ব্যাংক অ্যাকাউন্ট তৈরিসহ নানা সমস্যায় বিলম্ব ঘটে। গত ৩ নভেম্বর উখিয়ায় এই কাজের উদ্বোধন করা হয়েছে। বাকি সাত উপজেলায় কাজ শুরু হয়েছে গত ১৭ নভেম্বর থেকে। বিলম্বে কাজ শুরুর কারণ জানতে চাইলে জেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। এমনকি কোন উপজেলায় কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তা-ও আমাকে জানানো হয়নি।’ প্রকল্পের কাজের গুণমান যাচাই করতে তিনি উপজেলায় গিয়ে খোঁজখবর নেওয়ার পরামর্শ দেন।