কক্সবাজারে অন্য রকম বৈশাখী মেলা
দেশি-বিদেশি পর্যটকদের জন্য অন্য রকম বৈশাখী মেলার আয়োজন করেছে কক্সবাজার সৈকতপারের তারকা হোটেল ‘ওশেন প্যারাডাইস’ কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার বেলা ১১টায় তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন।হোটেলের নিচতলায় ঢুকতেই নজরে পড়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নানা লোকসংস্কৃতি। বৈশাখকে নিয়ে সাজানো হয় পুরো আটতলা হোটেলটি। শুরুতেই বৈশাখী কুঁড়েঘর। ঘরে রাখা আছে ঢেঁকি, কুলা, মাছ ধরার জাল, কলসি। ডান পাশে একটি রিকশা। বিদেশি পর্যটকেরা রিকশায় উঠে ছবি তুলছেন। তার পাশে ‘গরমের স্বস্তি টক-ঝাল-মিষ্টি’র দোকান। এই দোকানে বিক্রি হচ্ছে ৩০ টাকায় প্রতি প্লেট তরমুজ আর ৫০ টাকায় কাঁচা আমের শরবত। মিষ্টি ডাবের পানি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকায়। ২০ টাকার ডাব ৭০ টাকায় কেন? জানতে চাইলে দোকানের মালিক মো. সালাহ উদ্দিন (৩০) হেসে বলেন, ‘স্যার, পাঁচতারা হোটেলের নিচে বৈশাখী মেলা হচ্ছে। দাম একটু বেশি হবেই।’ওশেন প্যারাডাইসের অতিরিক্ত মহাব্যবস্থাপক খন্দকার শরিফুল আলম বলেন, ‘দেশি-বিদেশি পর্যটকদের কাছে গ্রাম-বাংলার ঐতিহ্য তুলে ধরতে এবং বৈশাখ সম্পর্কে ধারণা দিতে এই তারকা হোটেলে প্রথমবারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে।’ ১৪ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলবে।