কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অপহৃত কিশোর নুর কামালকে গতকাল মঙ্গলবার দুপুরে শহরতলির লারপাড়া পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ৷ এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে পৃথক দিনে অপহৃত এক স্কুলছাত্রী ও ছাত্রের কোনো সন্ধান মেলেনি৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারে উদ্ধার হওয়া কিশোর নুরের (১৫) বাড়ি উখিয়া উপজেলার রুহুইল্ল্যারডেবা গ্রামে৷ গত সোমবার সকালে উখিয়া থেকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে নামে সে৷ এরপর দুর্বৃত্তরা নুরকে অপহরণ করে৷
জেলা গোয়েন্দা পুিলশের (ডিবি) ওসি মনজুর আলম প্রথম আলোকে জানান, অপহরণের পর দুর্বৃত্তরা নুরের পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে৷ বিষয়টি ডিবিকে অবহিত করলে গতকাল দুপুরে মুক্তিপণ নেওয়ার জন্য দুর্বৃত্তদের কেন্দ্রীয় বাস টার্মিনালে আসতে বলা হয়৷ একটার দিকে ঘটনাস্থলে এসে টাকা গ্রহণের সময় চারজনকে গ্রেপ্তার করা হয়৷ তাঁরা হলেন শহরের পশ্চিম লারপাড়ার জাহিদ হোসেন (২৫), মো. জামাল (২৮), লাল মিয়া (৪০) ও সদর উপজেলার তেতোয়া সিকদার গ্রামের মো. আয়ুব (৩২)। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাহিদের পশ্চিম লারপাড়ার পাহাড়ের বাড়ি থেকে নুরকে উদ্ধার করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে৷
এদিকে, গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া এলাকার স্কুলছাত্র আল আমিনকে (১৩) মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করা হয়৷ পরে অপহরণকারীরা তার পরিবারের সদস্যদের কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে৷
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, আল আমিন স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র৷ তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে৷ এ ঘটনায় মামলা হয়েছে৷
অন্যদিকে, গত শনিবার বিকেলে একই উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে৷ এ ঘটনায় চন্দ্রা বঙ্গবন্ধু ডিিগ্র কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে৷ এজাহার সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকস্ট্যান্ড এলাকায় মোয়াজ্জেমের নেতৃত্বে চার-পাঁচজনের একটি দল ওই ছাত্রীকে সাদা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।