কক্সবাজারে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ
কক্সবাজারে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা অভিযানে নেতৃত্ব দেন।
সূত্র জানায়, কলাতলী, বাইপাস সড়ক ও সৈকত সড়কে অভিযান চালিয়ে ছোট-বড় দুই শতাধিক বিলবোর্ড উচ্ছেদ করা হয়। এ সময় বুলডোজার দিয়ে সড়কের দুই পাশে সড়ক বিভাগের জমিতে পুঁতে রাখা বেশ কিছু বিলবোর্ড স্থাপনের খুঁটিও ভেঙে ফেলা হয়।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কক্সবাজারের উপবিভাগীয় প্রকৌশলী এমদাদ হোসেন জানান, সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী মোড় পর্যন্ত সড়কের দুই পাশ দখল করে কিছু প্রতিষ্ঠান অসংখ্য বিলবোর্ড স্থাপন করে। এ জন্য কোনো অনুমতিও নেওয়া হয়নি। এখন এসব বিলবোর্ড উচ্ছেদ করা হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা জানান, ১৬ জুলাই কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছিল।
কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, তিনি দায়িত্ব নেওয়ার আগেই অবৈধ বিলবোর্ডে সৈকত এলাকাসহ পুরো শহর ঢেকে যায়। তিনি জানান, বিলবোর্ডের সঠিক সংখ্যা পৌরসভার কাছে নেই।
জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, পর্যটন শহরের সৌন্দর্য রক্ষায় সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হবে।