কক্সবাজারে অস্ত্রসহ আ.লীগের সাবেক নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহর থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিনসহ দেলোয়ার হোসেন ওরফে জান্নু (২৭) নামের আওয়ামী লীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের লালদীঘির পূর্ব পাশে বিলকিস শপিং মার্কেটের সামনে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে অস্ত্রসহ দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।
কক্সবাজার সদর মডেল থানা সূত্র জানায়, শনিবার রাত আড়াইটার দিকে লালদীঘির পূর্ব পাশে বিলকিস শপিং মার্কেটের সামনে পুলিশের তল্লাশিচৌকি দেখে একটি অটোরিকশা পেছনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে অটোরিকশাটি আটক করে। পরে পুলিশ অটোরিকশার আরোহী দেলোয়ারের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল রোববার দেলোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।