কক্সবাজারে অস্ত্রসহ ১৩ জলদস্যু আটক
কক্সবাজার উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে লুটপাট চালানোর সময় আগ্নেয়াস্ত্রসহ ১৩ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
আটক ব্যক্তিরা হলেন মো. সারওয়ার (৩০), মো. কামাল (২৮), কামাল উদ্দিন (৩৫), রেজাউল আজিম (৪০), মহিউদ্দিন (৩০), মো. আজম (৪৫), আবদুল খালেক (৩০), নেজাম উদ্দিন (৩০), আমির হোসেন (২২), মো. আনোয়ার (৩৫), রবিউল আলম (৫০), মো. হেলাল (২৮) ও মো. সোহেল (৩৪)। তাঁদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের পেকুয়া ও মহেশখালীতে।
কোস্টগার্ড সূত্র জানায়, গত রোববার বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে প্রায় ২৬ নটিক্যাল মাইল দূরে একটি
মাছ ধরার ট্রলারের সাত জেলেকে জিম্মি করে লুটপাট চালাচ্ছিল জলদস্যুরা। এ সময় কোস্টগার্ডের চট্টগ্রাম পূর্ব জোনের টহল জাহাজ তাজউদ্দিন ঘটনাস্থলে গেলে দস্যুরা পালাতে থাকে। পরে কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করে একটি ট্রলারসহ ১৩ জলদস্যুকে আটক করেন। অভিযানে নেতৃত্ব দেন তাজউদ্দিন জাহাজের অধিনায়ক কমান্ডার এম নাজমুল হাসান।
কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার ওমর ফারুক বলেন, জলদস্যুদের ট্রলার থেকে তিনটি দেশে তৈরি পিস্তল, ২২টি গুলি, তিনটি চাপাতি, ১০টি মুঠোফোন ও ৬ হাজার ৪৮৭ টাকা উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার আটক ১৩ জলদস্যুকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে মামলা করেছে কোস্টগার্ড।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, জেলার পাঁচ হাজারের মতো নৌযান বঙ্গোপসাগরে মাছ ধরছে। মাছ ধরে উপকূলে ফেরার সময় জলদস্যুরা জেলেদের জিম্মি করে মাছ, জাল, ইঞ্জিনসহ মালামাল লুট করছে। গত ২৫ দিনে জলদস্যুদের হামলায় শতাধিক জেলে আহত ও একজন নিহত হয়েছেন। লুটপাটের কবলে পড়েছে ৪০টির বেশি মাছ ধরার ট্রলার।