কক্সবাজারে আজ সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াত-শিবিরের তিন কর্মী নিহত হওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তর ধুরুং বাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াত-শিবিরের তিনজন কর্মী নিহত হন। এঁরা হলেন উত্তর ধুরুং গ্রামের আবু বক্কর ছিদ্দিক (৪৫), লেমশীখালীর আজিজুর রহমান (১৭) ও দক্ষিণ ধুরুং গ্রামের মো. ইসমাইল (১৮)। ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ গতকাল বুধবার সকালে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর সাংসদ হামিদুর রহমানের বাড়ির পাশে উত্তর ধুরুং বাজারে মঙ্গলবার সন্ধ্যায় জামায়াত-শিবিরের কর্মীরা বিক্ষোভ-সমাবেশ শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে আট পুলিশসহ ৩০ জন আহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, পুলিশের ওপর হামলা, হত্যা ও সন্ত্রাস দমন আইনে গতকাল সন্ধ্যায় কুতুবদিয়া থানায় দুটি মামলা করা হয়েছে। এতে উপজেলা জামায়াতের আমির শাহরিয়ার চৌধুরীসহ জামায়াত-শিবিরের প্রায় ৪৫০ নেতা-কর্মীকে আসামি করা হয়। পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা পুলিশের দুটি গাড়িসহ কয়েকটি দোকানপাটে আগুন দেয়। তারা একটি চায়ের দোকানে পুলিশের ১২ সদস্যকে আটকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে। অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। জামায়াতের জেলা সেক্রেটারি জি এম রহিমুল্লাহ বলেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি চালিয়ে তাঁদের তিন কর্মীকে হত্যা করেছে। এর প্রতিবাদে জামায়াত-বিএনপিসহ ১৮ দল আজ বৃহস্পতিবার কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
বিএনপির জেলা সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ২৫ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে চকরিয়ায় বিএনপির দুই কর্মী নিহত হন। গত মঙ্গলবার পুলিশের গুলিতে কুতুবদিয়ায় জামায়াত-শিবিরের তিন কর্মীর মৃত্যু হয়েছে। এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৮-দলীয় জোট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
হরতালের সমর্থনে গতকাল দুপুরে জামায়াত-শিবির শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।