কক্সবাজারে আটকা পড়েছে ৬ কোটি টাকার মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিন আগেও আট কেজি ওজনের একটি গুইজ্যা (আইড় মাছ) বিক্রি হয়েছে দুই হাজার টাকার বেশি দামে। অথচ এখন সেই মাছ বিক্রি করা হচ্ছে মাত্র ৭০০ টাকায়। বিএনপিসহ ১৮ দলের টানা অবরোধ কর্মসূচিতে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় মাছের দাম একেবারে কমে গেছে। জেলেদের লোকসান দিয়ে মাছ বিক্রি করতে হচ্ছে। গরিব মারার এই অবরোধ-হরতাল আর কত দিন চলবে আল্লাহ জানে।
গতকাল শনিবার সকালে শহরের ফিসারীঘাটে স্থানীয় ব্যবসায়ী করিম উল্লাহ (৪০) এসব কথা তুলে ধরেন। তিনি প্রচুর পরিমাণ গুইজ্যা মাছ মেঝেতে রেখে ক্রেতাদের উদ্দেশে বলছেন, ‘হম (কম) টিয়াই (টাকায়) বড় মাছ কিনি লও। শীতর গুইজ্জা হাইতে বেশি মজা।’
স্থানীয় ব্যক্তিরা পাঁচ-ছয় কেজি ওজনের একেকটি গুইজ্যা ৪০০-৬০০ টাকায় কিনে নিচ্ছেন। স্থানীয় ব্যবসায়ী জহিরুল ইসলাম (৪০) বলেন, গত ২৬, ২৭, ২৮ নভেম্বর অবরোধের কারণে কক্সবাজার থেকে কোনো মাছ চট্টগ্রাম-ঢাকা সরবরাহ দেওয়া সম্ভব হয়নি।
কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, টানা অবরোধ কর্মসূচিতে অর্ধশতাধিক ব্যবসায়ীর অন্তত ছয় কোটি টাকার মাছ আটকা পড়েছে।
এফবি সোহেল ট্রলারের জেলে আবুল কালাম (৪৫) বলেন, ১১ দিন সাগরে জাল ফেলে তাঁরা পাঁচ হাজারের বেশি ইলিশ ও গুইজ্যা ধরেছেন। কিন্তু অবরোধের কারণে সরবরাহ বন্ধ থাকায় মাছের দাম তিন গুণ কমে গেছে।