কক্সবাজারে ভ্রমণে এসে আটকে পড়া বিপুলসংখ্যক পর্যটক গতকাল শনিবার সকালে সৈকততীরের হোটেল-মোটেল জোনের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় তাঁরা নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান। এর আগের দিন শুক্রবার রাত ১১টার দিকেও তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের হামলা, ভাঙচুর এবং গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টির ফলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবারের মতো গতকাল শনিবারও সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে কক্সবাজারে আটকা পড়েছেন প্রায় ১০ হাজার পর্যটক। ঢাকা থেকে সপরিবারে ভ্রমণে আসা মমতাজুল ইসলাম (৪৫) বলেন, ‘বুধবার সকালে পরিবারের চার সদস্য নিয়ে কক্সবাজার সৈকত ভ্রমণে আসি। রোববার থেকে টানা হরতালের ঘোষণা শুনে শুক্রবার সকালেই বাড়ি ফিরতে হোটেল ছাড়ি। কিন্তু কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া, সাতকানিয়া এলাকায় জামায়াত-শিবির কর্মীদের তাণ্ডবের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাতেও বাড়ি যাওয়ার গাড়ি পাচ্ছি না।’কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আসা পর্যটক সাইফুল ইসলাম (৩৪) বলেন, আজ (শনিবার) সকাল থেকেও চট্টগ্রামের উদ্দেশে কোনো বাস ছাড়ছে না। পুলিশ পাহারায় মাইক্রোবাস, জিপ, টেম্পো, টমটম, অটোরিকশা থেমে থেমে চকরিয়া পর্যন্ত গিয়ে চলাচল বন্ধ রাখছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।গতকাল সকাল নয়টার পর কক্সবাজার শহরের বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে দেখা গেছে, ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে কোনো বাস ছাড়ছে না। হানিফ পরিবহনের ম্যানেজার আবদুল হামিদ বলেন, ‘নিরাপত্তার অভাবে আমরা গাড়ি নামাচ্ছি না।’ এস আলম, সৌদিয়া, গ্রিনলাইন, সোহাগ, টি আর, শ্যামলীসহ দূরপাল্লার সব পরিবহন প্রতিষ্ঠানের বাস বন্ধ রয়েছে।সৈকতের কেএফসি এলাকা, লং বিচ হোটেল ও কলাতলী গিয়ে দেখা গেছে, শত শত পর্যটক রাস্তায় বসে ক্ষোভ প্রকাশ করছেন। অনেকে টিকিট কাউন্টারে বসে আছেন, বাড়ি ফেরার অপেক্ষায়।কক্সবাজার হোটেল, মোটেল, গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, লোহাগাড়া, সাতকানিয়া, আমিরাবাদ এলাকায় গাড়ি ভাঙচুর ও গাছ ফেলে সড়ক অবরোধ করায় শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ সুপার মো. আজাদ মিয়া প্রথম আলোকে বলেন, পুলিশ পাহারায় মাইক্রোবাস, অটোরিকশায় কিছু পর্যটককে চকরিয়া পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু লোহাগাড়া এলাকায় আজ (শনিবার) সকালে নতুন করে ব্যারিকেড সৃষ্টি করায় যান চলাচল আবার বন্ধ হয়ে গেছে। রাতে আটকে পড়া অন্য পর্যটকদের নিরাপত্তা দিয়ে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্যোগ চলছে। এ ব্যাপারে বাস-মালিকদের সঙ্গে আলোচনা হচ্ছে।এদিকে কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন গতকাল সন্ধ্যায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা ও থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। রোববার বিমানে প্রায় ২০০ জনকে ঢাকা এবং নৌপথে তিন শতাধিক পর্যটককে মহেশখালী-কুতুবদিয়া-বাঁশখালী চ্যানেল হয়ে চট্টগ্রাম পৌঁছে দেওয়া হবে। সাতকানিয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হলে বাকি পর্যটকদেরও বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।গতকাল সকাল থেকে প্রায় আড়াই হাজার পর্যটক কক্সবাজার ত্যাগ করলেও তাঁরা লোহাগাড়া ও সাতকানিয়া এলাকায় গিয়ে আটকা পড়েছেন।