কক্সবাজারে আধা বেলা বাস চলেনি যাত্রীদের দুর্ভোগ
শ্রমিকদের ওপর হামলা ও বাস ভাঙচুরের প্রতিবাদে কক্সবাজারে ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্মঘটের ডাক দেওয়া হলেও বেলা একটার দিকে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন শ্রমিকেরা।
সকাল ১০টায় চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার কোনো বাস কাউন্টার ছেড়ে যায়নি। চট্টগ্রাম ছেড়ে আসা বাসগুলোকে শ্রমিকেরা চকরিয়া বাসটার্মিনাল এলাকায় আটকে দিচ্ছেন। যাত্রীরা ১০-১২ জন মিলে ট্রাক বা পিকআপ ভাড়া করে গন্তব্যে রওনা দিচ্ছেন। আবার অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে না পেরে বাস টার্মিনালেই বসে পড়েন।
শ্রমিকেরা বলেন, গত সোমবার দুপুরে কক্সবাজার বাস টার্মিনালের কয়েকটি কাউন্টারে কিছু উচ্ছৃঙ্খল যুবক হামলা ও গাড়ি ভাঙচুর করেন। এতে কয়েকজন লাইনম্যান ও শ্রমিক আহত হন। ঘটনায় শ্রমিকদের পক্ষ থেকে প্রশাসনের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে মঙ্গলবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ ও কক্সবাজার-চকরিয়া মহাসড়কে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। বেলা একটার দিকে প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠকে বসে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা নেওয়ার আশ্বাস দেন ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের কথা বলেন। এরপর বেলা দেড়টা থেকে সব সড়কে বাস চলাচল শুরু হয়।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল আজাদ প্রথম আলোকে বলেন, ‘প্রশাসন বৈঠকে বসে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়ায় তাঁদের কাছে ক্ষমা চাচ্ছি।’