কক্সবাজারে আরও ৭১ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় কক্সবাজারে আরও ৭১ জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কক্সবাজার ১৭ রাইফেলস ব্যাটালিয়নের মামলায় গতকাল বৃহস্পতিবার ওই জওয়ানদের সাজা দেওয়া হয়। কক্সবাজার ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৬ এই রায় ঘোষণা করেন। এর আগে গত বুধবার একই আদালত টেকনাফ ২৪ রাইফেলস ব্যাটালিয়নের মামলায় ৫১ জনের কারাদণ্ড হয়। আদালতে বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাঙামাটি সেক্টরের কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম। উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. আবদুর রউফ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়। সকাল ১০টায় বিচারকমণ্ডলীর সভাপতি আসামিদের হাজিরা নিশ্চিত করে বিদ্রোহের ঘটনা তুলে ধরেন। এরপর রায় ঘোষণা করা হয়। ৭১ জনের মধ্যে ১২ জনকে সাত বছর, ১৩ জনকে ছয় বছর, ছয়জনকে পাঁচ বছর, চারজনকে চার বছর, একজনকে তিন বছর, তিনজনকে আড়াই বছর, ১২ জনকে দুই বছর, চারজনকে দেড় বছর, ১৫ জনকে এক বছর ও একজনকে ছয় মাসের সাজা দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। রায় শেষে আদালতের সভাপতি বলেন, সাজার মেয়াদ আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হলো। কারাদণ্ড পাওয়া ৭১ জওয়ানকে দুপুর ১২টায় কক্সবাজার জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। পরে এক সংবাদ ব্রিফিংয়ে মামলার কৌঁসুলি ও ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান জানান, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি সকালে সাজা পাওয়া আসামিরা বিদ্রোহ করেন। তাঁরা সেনা কর্মকর্তাদের আক্রমণের উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া করেন। ব্যাটালিয়নের অস্ত্রাগার ভেঙে গোলাবারুদ ও অস্ত্র লুট করেন। কেন্দ্রীয় বাসটার্মিনালসহ সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করে যানচলাচল বন্ধ করে দেন এবং গুলিবর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। খুলনা ও শ্রীমঙ্গলে বিচারকাজ মুলতবি: নিজস্ব প্রতিবেদক, খুলনা জানান, খুলনায় ২৩ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় ৫৯ জনের বিরুদ্ধে করা বিডিআর আইনের মামলার বিচারকার্যক্রম আগামী ১ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। আদালতের বিচারক প্যানেলের সভাপতি বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান গতকাল দুপুরে এ আদেশ দেন। খুলনা বিজিবি সেক্টর সদর দপ্তরে স্থাপিত ১২ নম্বর বিশেষ আদালতে গত মঙ্গলবার বিচারকাজ শুরু হয়। গত তিন দিনে মামলার মোট ৫৯ জন আসামির মধ্যে ২৯ জন আসামির জেরা সম্পন্ন হয়েছে। তাঁদের মধ্যে আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য ফেরদৌস ওয়াহিদ নামে এক আসামিকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ১০ জন আসামি দোষ স্বীকার করে আদালতের কাছে অনুকম্পা চান।শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় ৪৪ জন জওয়ানের বিরুদ্ধে করা বিডিআর আইনে মামলার বিচারকাজ আগামী ৫ মার্চ সকাল আটটা পর্যন্ত মুলতবি করা হয়েছে। ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪-এ গতকাল চারজন আসামি দোষ স্বীকার করেন। এ নিয়ে এই মামলার ২৩ জন আসামি দোষ স্বীকার করে অনুকম্পা চাইলেন।