কক্সবাজারে ইলিশ শিকারের দায়ে ১৯ জেলের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সাগর উপকূলে গত মঙ্গলবার বিকেলে নৌবাহিনী ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ইলিশসহ ১০টি ট্রলার জব্দ করেছে। এ ঘটনায় ১৯ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে সাগরে নিষেধাজ্ঞা অমান্য করে ধরা ইলিশ নিয়ে প্রায় ৬০০ ট্রলার ঘাটে ভেড়ার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় ট্রলারসহ আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হলে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আবদুল্লাহ আল মামুন জেলেদের ওই দণ্ড দেন। ওই রাতেই জেলেদের কক্সবাজার কারাগারে পাঠানো হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আহমদ ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মঈন উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগ জানায়, জব্দ ট্রলারের মালিক ও দণ্ডপ্রাপ্ত জেলেরা সবাই কক্সবাজার, চট্টগ্রাম, রামগতি ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। দণ্ড পাওয়া কক্সবাজার পৌরসভার নাজিরারটেক এলাকার জেলে মো. বেলাল (৩৪) ও কুতুবদিয়া উপজেলার লেমশীখালী গ্রামের নুরুল ইসলাম (৪৪) বলেন, নিষেধাজ্ঞার সময় গভীর সাগর থেকে ইলিশ ধরে কক্সবাজারে বিক্রির জন্য আসার পথে নৌবাহিনীর হাতে ধরা তাঁরা পড়েন। তাঁদের মতো ইলিশবোঝাই আরও প্রায় ৬০০ ট্রলার সাগরে অপেক্ষা করছে। জব্দ বা কারাদণ্ডের ভয়ে ট্রলারগুলো উপকূলে ভিড়ছে না। নিষেধাজ্ঞা শেষ হলে ওই ইলিশ হাটবাজারে বিক্রি করা হবে।
কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, নিষেধাজ্ঞার সময় ইলিশ না ধরার জন্য জেলার প্রায় ছয় হাজার ট্রলারের মালিক ও জেলেদের নিষেধ করা হয়েছে। এর পরও কেউ ইলিশ ধরলে শাস্তি পেতে হবে।
মৎস্য কর্মকর্তা মঈন উদ্দিন আহমদ বলেন, বুধবার রাত ১২টার পর কেউ হাটবাজারে ইলিশ বিক্রি করলে জব্দ করা যাবে কি না, সেই নির্দেশনা চেয়ে ঊর্ধ্বতন মহলে চিঠি পাঠানো হয়েছে।
মঈন উদ্দিন আহমদ বলেন, নিষেধাজ্ঞার সময় ধরা ইলিশবোঝাই ট্রলার সাগরে অপেক্ষা করলেও সেখানে গিয়ে ট্রলারগুলো জব্দ করার মতো আধুনিক জলযান বা লোকবল মৎস্য বিভাগের নেই।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ১১ দিন দেশের সব নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরা নিষিদ্ধ করে।